মোট আক্রান্ত ৪৬ জন
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আরো ১২ জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত। করোনা সংক্রমণের পর চাঁদপুরে এটাই একদিনে সর্বোচ্চসংখ্যক শনাক্তের ঘটনা। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪ জন। সুস্থ হয়েছেন ১২ জন।
গতকাল শনিবার (৯ মে) চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার মোট ১৫০ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২জনের রিপোর্ট করোনা পজেটিভ। বাকি ১৩৮ জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪৬ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো- চাঁদপুর সদরে ২৫, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জে ৪, মতলব উত্তরে ৫, কচুয়ায় ২, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ২ জন। উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলায় এখনো করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, নতুন আক্রান্তদের মধ্যে আরো ৫ জন পুলিশ সদস্য, ১ জন ইউপি সচিব ও ১ জন ল্যাব টেকনোলজিস্ট রয়েছেন।
এ নিয়ে চাঁদপুরে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ালো ৮ জন। নতুন আক্রান্ত ৫ পুলিশ সদস্যের মধ্যে ৪ জন এসআই ও ১ জন কনস্টেবল। তারাও চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত। অর্থাৎ মডেল থানার ৫ জন এসআই ও ৩ জন কনস্টেবল এখন করোনায় আক্রান্ত।
অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার তৃতীয় নমুনা টেস্টের রিপোর্টও করেনা নেগেটিভ এসেছে। অর্থাৎ পরপর দু’টি নেগেটিভ রিপোর্ট আসায় তিনি এখন করোনা মুক্ত। তিনিসহ এখন জেলায় করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১২জন। তবে ইউএনও-কে রোববার আনুষ্ঠানিকভাবে করোনা মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হবে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়েছে।
নতুন আক্রান্ত ল্যাব টেকনোলজিস্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বলে জানা গেছে।
জেলা প্রশাসনের তথ্যমতে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ৪ জন, সুস্থ হয়েছেন ১১ জন। সুস্থ হয়েও মৃত্যুবরণ করছেন ১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪ জন এবং আইসোলেশনে ৩৬ জন। কোয়ারেন্টাইন ও আইসোলশেন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৪শ’ ৩৮ জন।
১০ মে, ২০২০।
