চাঁদপুরে ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনার সূত্র ধরে নারায়নগঞ্জ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যকে আটক ও চুরি যাওয়া ৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চাঁদপুর। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের বাবুরহাট এলাকায় পিবিআই জেলা কার্যালয়ে পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ প্রেস ব্রিফিং এসব তথ্য জানান।
তিনি বলেন, চাঁদপুর জেলায় পিবিআই কাজ শুরু করার পর থেকে বিভিন্ন অপরাধমূলক ঘটনার ছায়া তদন্ত করে। তারই অংশ হিসেবে গত ২৮ নভেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শরীফ গাজীর ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ছায়াতদন্ত শুরু করে। তদন্তকালে পিবিআই বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং নিজস্ব ইনটেলিজেন্সের মাধ্যমে ঐ ঘটনার সংঘবদ্ধ মোটরসাইকেল চোরদের সনাক্ত করতে আটক অভিযান অব্যাহত রাখে। পরে চুরির ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার মামলাটি পিবিআই সিডিউলভুক্ত হয়।
এরপর মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয় এসআই মো. আমিরুল ইসলাম মীরকে। তিনি একটি বিশেষ দল গঠন করে অভিযান পরিচালনা করেন। ওই দলটি ২৩ ডিসেম্বর অভিযান করে নারায়নগঞ্জ থেকে ঘটনায় জড়িত চোর চক্রের সদস্য বাপ্পি (২১) কে আটক করে। তার দেয়া তথ্যে মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে চক্রের সদস্য মো. হাসান আহাম্মেদ (২৮) ও মো. রাজিব (২১) কে আটক করা হয়। তাদের দেয়া তথ্যানুযায়ী রাতে মতলব উত্তরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি মোটরসাইকেল উদ্ধার করে।
আটক বাপ্পি মতলব উত্তর উপজেলার ফতেপুর ইউনিয়নের বারোহাতিয়া গ্রামের প্রধানিয়া বাড়ির চাঁন মিয়ার ছেলে। হাসান আহাম্মেদ একই ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের মৃত গোলাম মোস্তফার এবং রাজিব একই ইউনিয়নের দক্ষিণ ঠেঁটালিয়া গ্রামের মো. জসিম ঢালির ছেলে।
পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ আরো বলেন, আমরা চোরচক্রের তদন্ত করতে গিয়ে অনেক তথ্য পেয়েছি। এই চক্রের প্রধান ব্যক্তির পরিচয় জেনেছি। মোটরসাইকেল চোরচক্রের সদস্য রয়েছে শতাধিক। চুরি যাওয়া মোটরসাইকেলগুলো যেসব স্থানে রাখা হয় সেগুলোর তথ্য আমাদের হাতে এসেছে। আমরা এই চক্রের সদস্যদের আটক ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছি। আটক আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাংবাদিক ফারুক আহমেদসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

২৫ ডিসেম্বর, ২০২৩।