স্টাফ রিপোর্টার
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাঁদপুর পৌর এলাকার ১২ শিক্ষা প্রতিষ্ঠানের ৭২জন মেধাবী শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তারা।
সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, পর্যায়ক্রমে জেলার প্রত্যেক উপজেলায় এই ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। প্রত্যেক উপজেলায় সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা ছাড়া) নবম ও দশম শ্রেণির মেধাবী ৩জন করে ৬জনকে এই ট্যাব প্রদান করা হবে। অর্থাৎ নিজ প্রতিষ্ঠানে মেধাক্রমে এক থেকে তিন পর্যন্ত যেসব শিক্ষার্থী তারাই এই ট্যাব পাবে।
২৮ মার্চ, ২০২৩।
