চাঁদপুরে ৭৫ লাখ মিটার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ওয়ারলেস মোড় সংলগ্ন গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে জব্দ ৭৫ লাখ মিটার অবৈধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সাথে ট্রাকে থাকা মো. আরিফ ও মো. আব্দুল বারেক নামে দুই ব্যাক্তিকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড টহল সদস্যরা। এ সময় মুন্সীগঞ্জ থেকে হরিণা ফেরিঘাটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ন-১৫-৪২-৬২) থেকে ৭৫ লাখ মিটার অবৈধ নতুন কারেন্টজালসহ দুই জনকে আটক করা হয়। আটকরা হলেন- মাদারীপুর জেলার পাঠককান্দি গ্রামের আবদুল মান্নান বেপারীর ছেলে মো. আবদুল বারেক (৪২) ও মুন্সীগঞ্জ জেলার টুঙ্গীবাড়ী থানার আবদুল্লাহপুর গ্রামের আকবর সিকদারের ছেলে মো. আরিফ (৩২)।
তিনি আরো বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত অবৈধ কারেন্টজালগুলো চাঁদপুর সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমানের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
৩০ ডিসেম্বর, ২০২০।