চাঁদপুর আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে

স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা। সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেতৃবৃন্দ। মানববন্ধন ও আলোচনা শেষে আইনজীবীরা আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাড. আহসান হাবীব, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রুহুল আমিন, অ্যাড. শেখ আব্দুল লতিফ, শেখ জহির, সাধারণ সম্পাদক অ্যাড. মো. মোবারক হোসেন, অ্যাড. আব্দুল আল মামুন, শহীদ উল্লাহ পাটোয়ারী, পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, জিপি আব্দুর, চাঁদপুর বারের সিনিয়র আইনজীবী অ্যাড. জহিরুল ইসলাম, সাবেক পিপি অ্যাড. রুহুল আমিন সরকার, সাবেক পিপি আমানুল্লাহ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর করেছে। যার নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি আমরা, আজ তার ভাস্কর্য নির্মাণে কুলাঙ্গাররা বাঁধাগ্রস্ত করছে। জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারাদেশে আজ ফুঁসে উঠেছে। আমরা আওয়ামী আইনজীবী পরিষদ ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তিকে প্রতিহত করবো। সোনার বাংলায় কোন জঙ্গিবাদ, উগ্র মৌলবাদী ও সন্ত্রাসীর স্থান নেই।
১৫ ডিসেম্বর, ২০২০।