চাঁদপুর জেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ধর্মীয় নিয়মকানুন মেনে পূজার উৎসব পালন করতে হবে
……. জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আসন্ন শারদীয় দুর্গা পূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা সবাই একসাথে ধর্মীয় উৎসবগুলো পালন করি। বঙ্গবন্ধুর সম্প্রতির ও সোনার বাংলাদেশ। গুজবে কান দেয়া যাবে না। কোন গুজব হলে আগে শুনবেন এবং প্রশাসনকে জানাবেন। এজন্যে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের উৎসব যেন নিরাপদ হয়। নিজের সুরক্ষা নিজের কাছে। কেউ মাস্ক ছাড়া থাকতে পারবে না। প্রতিমা বিসর্জনকালে শোভা যাত্রা করা যাবে না। এখন করোনা সংক্রমণ একটু কম হলেও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই আমাদের সবসময় স্বাস্থবিধি মেনে চলতে হবে।
জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, পূজা উদযাপনের আগতে নিজেদের মধ্যে একটি কমিটি গঠন করবেন। কিছু কিছু দুষ্কৃতকারীরা চায় আমাদের মধ্যে সম্প্রীতি না থাকুক। কেউ যেন কোনরকম অনাকাক্সিক্ষত ঘটনা ঘটাতে না পারে সেদিকে সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করা দরকার। প্রতিটি সময় খেয়াল রাখতে হবে যেন আইন-শৃঙ্খলার কোন অবনতি না ঘটাতে পারে। কোভিড-১৯ এর কারণে কোন প্রকার মেলার আয়োজন করা যাবে না। জেলা প্রশাসক কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। যেন কোনরকম কোন সমস্যা হলে আমরা সরাসরি যোগাযোগ করতে পারি।
তিনি আরো বলেন, ধর্মীয় নিয়মকানুন মেনে পূজার উৎসব পালন করতে হবে। ধর্মীয় অনুষ্ঠানে যেন ধর্মীয় সঙ্গীত চালানো হয়। নামাজ ও আজানের সময় মাইক চালানো যাবে না। আজ যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে তা যেন সম্পূর্ণরুপে পালন করা হয়। এছাড়া আপনারা যারা উপজেলা পর্যায়ের কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা নিজ উপজেলায় গিয়ে এসব বিষয় অবহিত করার জন্য অবশ্যই পৃথক সভা করবেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় বক্তব্যে বলেন, এই পূজা বাঙালির উৎসব। আমরা প্রতিটি ধর্মীয় উৎসব একসাথে পালন করি। সেই উৎসবটুকু যেন আমরা ভালোভাবে পালন করতে পারি তারই লক্ষ্যে আজকের এ সভা। পূজার মধ্যে যেন কোন প্রকার উগ্রতা না থাকে। পূজা দেখতে অনেকেই যাবেন, তার মধ্যে নারী ও শিশু থাকবে। তাদের কেউ যেন ইভটিজিং বা অন্য কোন কিছু না করতে পারে সেজন্যে আমাদের আইনশৃঙ্খলা সদস্যরা আছেন। প্রতিটা পুজা মন্ডপে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রত্যেকটা পূজা মন্ডপে যেন জেনারেটরের ব্যবস্থা থাকে। পূজা যেন নির্বিঘ্নে করতে পারি সেদিকে আমাদের প্রস্তুতি রয়েছে। ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে যেন সাম্প্রদায়িক ইস্যু না হয়। অনেক সময় অনেক গুজব রটে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। চাঁদপুর সম্প্রতির শহর, এটিকে ধরে রাখতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, এনএসআই’র উপ-পরিচালক শাহ মো. আরমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম, জেলা স্কাউট কমিশনার ও হরিভোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহাসহ উপজেলা পূজা উদযাপন কমিটির প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবছর চাঁদপুর জেলার ৮টি উপজেলার সর্বমোট ২১১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।
২৩ সেপ্টেম্বর, ২০২১।