প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
সভায় প্রতিনিধিদের অনুপস্থিতি, প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশসহ জেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দফতরের আন্তঃসমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
চাঁদপুর শিশু পরিবারে জেলা পরিষদের অর্থায়নে চাঁদপুর শিশু পরিবারে শিশু পার্ক নির্মাণ কাজ শুরু করার জন্য বিগত কয়েক মাস আগে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এখনো কাজ শুরুই করা যায়নি। এ ব্যাপারে সভার সভাপতি জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজৎ শুভ্রের প্রতি অসন্তোষ জানান এবং আগামি সভার আগে কাজ সম্পন্ন করার জন্য বলেন।
উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য হওয়া সত্ত্বেও চাঁদপুর জেলার ৭টি পৌরসভার কোন মেয়র সভায় উপস্থিত থাকেন না। অনুপস্থিত জন্য সভায় অসন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে সভায় উপস্থিত থেকে স্ব-স্ব প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ড সরকারকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।
চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিদ্যুৎ খুঁটি থেকে ডিস এবং ওয়াইফাই লাইন না সরানোর কারণে বিদ্যুতের খুঁটি সরানো ও উন্নয়ন কাজে বাধাগ্রস্ত হচ্ছে। খুব সহসাই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বিদ্যুতের ডাবল লাইন স্থাপনের কাজ শেষ হবে। এতে হাসপাতালে রোগীর ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধা পাবেন। এ বিষয়ে জেলা প্রশাসক বিদ্যুৎ বিভাগকে এসব তার কেটে ফেলার জন্য বলেন।
সভায় চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাইমচরে বর্তমানে ৮ লাখ গবাদিপশু আছে বলে জানান। জেলা প্রশাসক এ তথ্যে বিষ্ময় প্রকাশ করেন এবং তথ্য সঠিক নয় বলে জানান।
সভায় হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটাওয়ারী জানান, শরীয়তপুর জেলার গোসাইরহাটের ভূমিদস্যু জোরদার খোকা বেপারি গং হাইমচর উপজেলার বাহেরচরের শত শত একর জমির ফসল কেটে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি পুলিশ ফাঁড়ি স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেলার বিভিন্ন দফতর প্রধান/প্রতিনিধি, সব উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সব দফতরের আন্তঃসমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
২২ জানুয়ারি, ২০২৪।
