চাঁদপুর জেলা কারাগার সড়ক সংলগ্ন ব্রিজে গর্ত

ঝুঁকিতে চলছে যানবাহন

সজীব খান
জেলা কারাগার থেকে শাহতলী সড়কের আর্দুরখা সংলগ্ন ব্রিজটি গর্ত হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থা দিয়ে পথচারীসহ যানবাহন চলাচল করছে। গত কয়েকদিনের টানা অতি বর্ষণে হঠাৎ করেই ব্রিজটিতে গর্তের সৃষ্টি হয়। পুরনো এ ব্রিজটি গর্ত হয়ে যাওয়ায় সম্প্রতি সব ধরনের যানবাহক চলাচলের মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ নিয়ে পথচারীসহ যানবাহন চালকদের মাঝে চরম আতংক বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয় জনগণ।
স্থানীয়রা জানান, জেলা কারাগার থেকে শাহতলীর সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। আর সড়ক দিয়ে প্রতিদিন ছোট বড় কয়েক শতাধিক যানবাহন চলাচল করে। এমনকি এ সড়ক দিয়ে প্রতিনিয়তই কম-বেশি ভারি যানবাহন ও যাতায়াত করে। কিন্তু আর্দুরখা সংলগ্ন স্থানে ব্রিজটি গর্ত হয়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। এ রাস্তাটি জেলখানার সামনে দিয়ে আশিকাটি, মৈশাদী, শাহমাহমুদপুর হয়ে রামপুর ইউনিয়নের সাথে যোগাযোগের একমাত্র পথ। এছাড়াও আশ-পাশের কয়েকটি ইউনিয়নের হাট-বাজারের শতশত যানবাহন চলাচল করে প্রতিনিয়ত। সাথে ভারী বাহন তো রয়েছেই। ব্রিজটি গর্ত হয়ে যাওয়ার কারণে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।
সরজমিনে গিয়ে দেখাযায় ব্রিজটি গর্ত হয়ে যাওয়ার কারণে ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে। কোন প্রকার দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য স্থানীয়রা গর্তের ভিতরে কাঠ-বাঁশ দিয়ে রেখেছে। তবে দিনের বেলায় কোন রকম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও রাতের বেলায় দুর্ঘটনার আশংকা রয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা এসও শাহাজাহান জানান, বর্তমানে তাদের ফান্ডে জরুরি কোন অর্থ বা বরাদ্দ নেই। তাই দ্রুত মেরামত করা তাদের সম্ভব নয়। শুধু স্ব-স্ব ইউপি চেয়ারম্যান তাদের এলজিএসপি অর্থ দিয়ে জরুরি মেরামত করতে পারবে। এছাড়া সদর উপজেলার চেয়ারম্যানও বরাদ্দ দিয়ে করতে পারবেন।
মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক জানান, বিষয়টি আমি জানার সাথে সাথেই উপজেলার ইঞ্জিনিয়ার ও এসও’র সাথে যোগাযোগ করেছি। দ্রুত মেরামত করার ব্যবস্থা করার জন্য তাদের অনুরোধ করেছি। কোন ধরনের দুর্ঘটনা যাতে না হয়, সেজন্য গর্তের উপর চিহ্ন দিয়ে রাখা হয়েছে। দ্রুত মেরামত করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। ব্রিজটির গর্ত দ্রুত মেরামতের জন্য পথচারী ও চালকরা সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান ও ইউএনওসহ ইঞ্জিনিয়ারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
১১ আগস্ট, ২০২১।