চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাও প্রার্থী

স্টাফ রিপোর্টার
আগামি ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। মঙ্গলবার (১২ এপ্রিল) নির্বাচনে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম একটি প্যানেলে সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এছাড়া তিনি নিজে ঐ প্যানেলের কাগজে রিটার্নিং অফিসার হিসেবে সীল ও স্বাক্ষরও প্রদান করেন।
তবে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে থেকে কোন পদে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম জানান, সরকারি কর্মকর্তা হিসেবে সদস্য পদে আমি একটি প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সরকারি কর্মকর্তা হিসেবে আমি প্রার্থী হতে পারি।
এ ব্যাপারে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জানান, রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে থেকে কোন পদে প্রার্থী হতে পারবেন না। তিনি তো নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন। তিনি কিভাবে প্রার্থী হবেন? আমি বিষয়টি জানলাম, প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করছি।
এ ঘটনায় জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের প্রার্থী হওয়ায় ক্রীড়াঙ্গন ও ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

১৩ এপ্রিল, ২০২২।