চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৩ চেয়ারম্যান ও ২ সাধারণ সদস্য প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী ও নাছির উদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করেন। ফলে চেয়ারম্যান পদে লড়াই করবেন চাঁদপুর জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ ওচমান গনি পাটওয়ারী এবং প্রবাসী ব্যবসায়ী জাকির হোসেন প্রধানিয়া।
সাধারণ সদস্য পদে ৫নং ওয়ার্ডের (মতলব উত্তর উপজেলা) মো. আবুল খায়ের ও ৬নং ওয়ার্ডের (কচুয়া উপজেলা) মো. জামাল হোসেন প্রার্থীতা প্রত্যাহার করেন।
আজ সোমবার সকাল ৯টা থেকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে। ২ চেয়ারম্যান, ৩৫ সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ১২ প্রার্থীসহ মোট ৪৯ জনের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে।
জানা যায়, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন চেয়ারম্যান পদে ৭ জনসহ মোট ৭৩ জন। চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা দাখিল করেননি। বাছাইয়ে ১ চেয়ারম্যান, ৩ জন সাধারণ সদস্য ও ১ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৫ জন বাতিল হয়। আর ৫ জন চেয়ারম্যান, ৩৬ জন সাধারণ সদস্য ও ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য যাচাই-বাছাইয়ে বৈধ হয়। বাছাইয়ে বাতিল হওয়ার পর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ইউসুফ গাজী, সাধারণ সদস্য প্রার্থী বাদল ফরাজী ও ফরহাদ খান প্রার্থীতা ফিরে পেতে বাছাইয়ের বিরুদ্ধে আপিল করেন। ২১ সেপ্টেম্বর বাছাই সংক্রান্ত আপিলের শুনানী শেষে রাতে আপিল কর্মকর্তা চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও জেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে প্রার্থীদের আপিল নামঞ্জুর ও মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করা হয়। একই সাথে ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বাদল ফরাজীর আপিল মঞ্জুর ও মো. ফরহাদ হোসেনের আপিল নামঞ্জুর করা হয়েছে।
উল্লেখ্য, আগামি ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৬ সেপ্টেম্বর, ২০২২।