সুভাষ রায় সভাপতি, তমাল ঘোষ সম্পাদক
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে শেষ বিকেল পর্যন্ত চাঁদপুর রোটারী ভবনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত।
তিনি তার বক্তব্যে বলেন, এবছর বাংলাদেশ স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ পালন করেছে। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রেসিডেন্ট রাম নাথ গোবিন্দ বাংলাদেশে আসছেন। আপনারা বলেছেন- দুর্গা পূজার সময়ে হাজীগঞ্জে ২০ বছরের ছেলেরা আক্রমণ করেছে। তাহলে হিন্দু সম্প্রদায়ের ২০ বছরের ছেলেরা কোথায়। শুধু সম্মেলন করলেই হবে না, তা সাংগঠনিক কাজে লাগাতে হবে। পূজা পরিষদে শতকরা ২০ জন নারী এ সংগঠনে থাকতে হবে। মঞ্চে যদি এসে শুধু সুভাষ ও তমাল দার কথা বলেন তাহলে মনে হয় ওনারা আপনাদের তৈরি করে নিয়ে এসেছে। সাংগঠনিক ভিত্তি যদি শক্তিশালী না হয় তাহলে সংগঠন আগাতে পারবে না। আপনারা কয়টা ইউনিয়ন কমিটি করেছেন। উপজেলা ও পৌরসভায় ৫১ জন এবং ইউনিয়ন পর্যায়ে ১১ জন নিয়ে কমিটি করতে হবে। আপনারা ৪ বছর থাকবেন, কিন্তু কমিটিগুলো করবেন না, তাহলে সংগঠনের কি পরিণতি হবে? আমাদের ছেলে-মেয়েদের গীতা পাঠ শিখাতে হবে।
তিনি আরো বলেন, পূজা পরিষদ প্রথমে কুমিল্লায় গিয়েছে। সাধারণ সম্পাদক নির্মল হাজীগঞ্জে এসেছে। আমরা পূজা বন্ধ না করে চালু রেখেছি। আপনারা পূজা করছেন, কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করবেন না। লক্ষ-কোটি টাকা খরচ করে প্যান্ডেল সাজাবেন, কিন্তু পূজামন্ডপের নিরাপত্তায় কাজ করবেন না তা হতে পারে না।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যার্টাজী।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটা. সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি জে. এল. ভৌমিক ও দপ্তর সম্পাদক বিপ্লব দে।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রনজিৎ সাহা মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রোটা. তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি লায়ন দিলীপ কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রোটা. গোপাল সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুশিল চন্দ্র সাহা, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিবেকলাল মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি হিতেষ সাহা, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক চন্দন সাহা, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রুহিদাস বণিক, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নিখিল মজুমদার, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিনয় ভূষন।
অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর। পরে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিকেলে ২য় অধিবেশেনে জেলার ৩০ কাউন্সিলরা পুনরায় রোটা. সুভাষ চন্দ্র রায়কে সভাপতি এবং রোটা. তমাল কুমার ঘোষকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন অতিথিবৃন্দ।
১৪ ডিসেম্বর, ২০২১।
