চাঁদপুর জেলা পৌর সার্ভিস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন

সভাপতি খোরশেদ, সম্পাদক মফিজ ও সাংগঠনিক মিলন

এস এম সোহেল

বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) চাঁদপুর পৌর কর্মচারী সংসদ প্লাজার তৃতীয় তলায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, ‘এক দফা এক দাবি- রাজেস্ব খাত থেকে বেতন দিতে হবে’ আপনাদের এ আন্দোলনের সাথে আমরাও একমত। ‘৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর পাকিস্তানপন্থীরা মনে করেছিল বাংলাদেশের হাল ধরার আর কেউ নেই। কিন্তু আল্লাহর রহমতে ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে এসে দেশকে আজ বিশ্ব দরবারে উচ্চ শিখরে দাঁড় করিয়েছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার চাইতে গিয়ে আমি অনেক অত্যাচার ও নির্যাতনের শিকার হই। জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণে আমি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। জননেত্রীর শেখ হাসিনার দেওয়া দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য দোয়া করবেন।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, আমার ফরিদগঞ্জ পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে এখনো উন্নতি করতে পারি নাই। আমি যখন পৌরসভার দায়িত্ব নেই তখন পৌর ফান্ডে ছিল মাত্র ১ লাখ ৬০ হাজার টাকা। দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে ৪ মাসের বকেয়া বেতন শোধ করেছি। আপনাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। শুধু সরকার কি দিচ্ছি সেদিকে না তাকিয়ে আপনি সরকারকে কিছু দিচ্ছেন কিনা তাও ভাবা উচিত। কোন মাদক শ্রেণি ও জঙ্গিবাদের স্থান আমার পৌরসভায় হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, আমাদের সেল্ফ গভর্নিং বডি বলা হয়। সরকার কিছু আয়ের জায়গা দিয়েছে যা দিয়ে ব্যয়ের ব্যবস্থা করতে বলা হচ্ছে। সব নাগরিক সুবিধার ব্যবস্থা করে দিলে পৌরসভাগুলো তাদের নিজস্ব আয়েই চালানো সম্ভব। আমাকে পূর্ণ কর্তৃত্ব দিতে হবে। উন্নয়নের জন্য সরকার যদি বিশেষ ব্যবস্থা নেয় এবং নিজস্ব আয় বাড়াতে সরকার সহযোগিতা করলে অবশ্যই পৌরসভা সাবলম্বী হয়ে গড়ে উঠবে।

তিনি বলেন, আমি পৌরসভায় মেয়র হিসেবে আসার পর পানির বিল ও পৌর ট্যাক্স কিছুটা বাড়িয়ে পৌরসভার প্রায় ৪ কোটি টাকা আয় বৃদ্ধি করেছি। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা যে রাজেস্ব খাত থেকে বেতনের দাবিতে যে এক দফা এক দাবি’র আন্দোলন করছেন তার সাথে আমরাও একমত। আপনারা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায়ের চেষ্টা করবেন। তবে সেটি যেন সরকারের বিরোধীতা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার সচিব একেএম খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর সার্ভিস এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুর রশিদ সর্দার।

এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, শাহরাস্তি পৌরসভার সচিব তোফায়েল আহমেদ, কেন্দ্রিয় সদস্য আবুল খায়ের (মনু), ফরিদগঞ্জ পৌরসভা অফিস সহকারী আছমা আক্তার, চাঁদপুর পৌরসভা বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ চন্দ্র, চাঁদপুর পৌরসভার অর্থায়নে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা পারভীন (লাকী), চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. মোশারফ হোসেন, বিলক্লার্ক আ. বাতেন মিয়াজী, কর আদায়কারী মো. এমদাদ হোসেন (মিলন), হাজীগঞ্জ পৌরসভা লাইসেন্স পরিদর্শক আলমগীর হোসেন, ফরিদগঞ্জ পৌরসভা এসেসর ও হিসাব রক্ষক (ভাঃ) গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ পৌরসভা উপ-সহকারী প্রকৌশলী এবিএম মাহমুদুন্নবী, চাঁদপুর পৌরসভা ষাট লিপিকার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, ছেঙ্গারচর পৌরসভা প্রধান সহকারী মোহাম্মদ উল্লা, মতলব পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান, কচুয়া পৌরসভার নলকূপ মিস্ত্রি ইবনে আজম, হাজীগঞ্জ পৌরসভা বস্তি উন্নয়ন কর্মকর্তা আনােয়ার হোসেন, শাহরাস্তি পৌরসভার এসেসর সামছুল আলমসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. হাফিজুর রহমান ও গীতা পাঠ করেন গোপাল চন্দ্র বনিক।

সম্মেলনে ফরিদগঞ্জ পৌরসভার সচিব একেএম খোরশেদ আলমকে বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি, চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদারকে সাধারণ সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার সহ-বাজার পরিদর্শক মো. এমদাদ হোসেন মিলনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

১০ অক্টোবর, ২০২১।