অবৈধ সরকারের পতন ঘটাতে চাঁদপুরের মানুষ ঐক্যবদ্ধ
………..মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী
স্টাফ রিপোর্টার
উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল যখন তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করেছিল তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সেই দাবি মেনে নিয়েছিলেন। আর আজ সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার কৌশলে বাতিল করে দিয়েছে। সময় এসেছে সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের।
তিনি আরো বলেন, আমাদের দুর্ভাগ্য যে দেশের জন্য যুদ্ধ করেছিলাম সেই দেশের আজ এই অবস্থা। আজ দেশে মিটিং করতে দিবে না, মাইক দিবে না। উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে শত-শত মামলা দিয়ে হয়রানী করবে। এই জনসমাবেশ প্রমাণ করেছে এই অবৈধ সরকারের পতন ঘটাতে চাঁদপুরের মানুষ ঐক্যবদ্ধ। বিগত দিনে প্রমাণ হয়েছে চাঁদপুরের মানুষ আন্দোলন মুখোর। আমার নেত্রী জেল মেনে নিয়েছে, কারাগার মেনে নিয়েছে, নিজের ছেলের লাশ বহন করেছে- কিন্তু আপোষ করেন নাই। আরেক ছেলে বিদেশে নির্বাসিত জীবনযাপন করছে। দেশের জন্য গণতন্ত্রের জন্য বিএনপি ত্যাগ স্বীকার করে চলেছে। সময় এসেছে ইমানকে শক্ত করেন। আগামি ৪-৫ মাসের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের জয়লাভ করবে।
তিনি বলেন, আজ দ্রব্যমূল্য শুধু বেশিই নয়, আকাশচুম্বি। মানুষ আজ দিশেহারা। সাধারণ মানুষ চাল কিনতে পারে না, তেল কিনতে পারে না, বাচ্চাদের লেখাপড়ার খরচ জোগাতে পারে না। এরকম একটি দুর্বিসহ সময়ের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। মুক্তিযোদ্ধের স্লোগান ছিল একটি যে আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো। অথচ আজ দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। কথা বলার স্বাধীনতা নেই, ভোটের কোন অধিকার নেই। এজন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়া, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাবেক এমপি আলহাজ রাশেদা বেগম হীরা, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ, বিএনপি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এমএ হান্নান, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম ও সাবেক যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমুছস সালাম, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস শুক্কুর পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা বিএনপি নেতা তানভির হুদা, কৃষক দল কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার ওবায়দুল হক টিপু, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. সরকার শামীম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মুহাম্মদ ইউনুছ, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটওয়ারী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল আলমগীর কবির, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী। এর আগে নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন।
২৭ মে, ২০২৩।
