স্টাফ রিপোর্টার
চাঁদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেল ৩টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তে ‘নারী-পুরুষ ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ চলো গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
বক্তারা বলেন, ১৯৬৯ সালে ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রিয় সংগঠন আওয়ামী লীগ এবং তারই প্রিয় সংগঠন মহিলা আওয়ামী লীগ। আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের মতো জেলা মহিলা আওয়ামী লীগও অনেক বেশি শক্তিশালী। তাদের সাংগঠনিক দক্ষতায় দল এবং মানুষ উপকৃত হচ্ছে। তাদের এ কার্যক্রম আরো এগিয়ে নিতে হবে। দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আফরোজা খাতুন মেরির পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহিদা বেগম, চাঁদপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিপ্রা দাস, সাধারণ সম্পাদিকা খালেদা রহমান, মতলব দক্ষিণ মহিলা লীগের সভানেত্রী আসমা আক্তার আঁখি, মতলব উত্তর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন শরীফ, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য লাভলী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের তাসলিমা আক্তার আঁখি, হাজীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌসী আক্তার, হাইমচর মহিলা লীগ সভানেত্রী লায়লা আঞ্জুমান আরা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা পরিষদ সদস্য আয়েশা রহমান লিলি এবং গীতা পাঠ করেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মৃদুলা সাহা। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝিসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি এবং নেতৃবৃন্দ মিলে কেক কেটে মহিলা আওয়ামী লীগের গৌরবময় ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন করেন।
২৮ ফেব্রুয়ারি, ২০২৩।
