ঘূর্ণিঝড় ইয়াস: ৩ নম্বর সতর্ক সংকেত
স্টাফ রিপোর্টার
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে অভ্যন্তরীণ নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সেই আলোকে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। চাঁদপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চাঁদপুর নৌ-বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এতে করে জেলা ও অন্য জেলার বিভিন্ন স্থান থেকে চাঁদপুর নৌ-টার্মিনালে আসা শত-শত যাত্রী তাদের গন্তব্যে যেতে না পেরে চাঁদপুরে অবস্থান করে চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাউছার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বিকেলে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, চাঁদপুর থেকে বিকাল ৫টার পর আর কোন লঞ্চ ছেড়ে যায়নি। ৬টায় লঞ্চ থাকলেও সে লঞ্চকে চাঁদপুর থেকে ছেড়ে যেতে দেওয়া হয়নি। সে লঞ্চের যাত্রা বন্ধ রাখা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস মঙ্গলবার বিকেলের মধ্যে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। বাতাসের গতি ঘণ্টায় ১৬৫ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। বুধবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে এটি আঘাত হানতে পারে। এরই মধ্যে ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো বাতাস বয়ে যেতে দেখা যাচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে চাঁদপুর নৌ-টার্মিনালে গিয়ে দেখা যায়, চাঁদপুর জেলার ৮টি উপজেলার ও অন্য জেলার বিভিন্ন স্থান থেকে চাঁদপুর নৌ-টার্মিনালে আসা শত-শত যাত্রী চাঁদপুরে এসে অবস্থান নিয়েছে। তারা চাঁদপুর জেলা ছাড়াও নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ ছাড়াও বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ, কিশোর-কিশোরী, যুবক ও ছোট-ছোট শিশুদের নিয়ে চাঁদপুর এসে দুর্ভোগে পড়েছে। তার তাদের গন্তব্যে যেতে না পেরে চাঁদপুরে অবস্থান করে চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। তবে এরা কবে নাগাদ তাদের গন্তব্যে যেতে পারবে তা জানা যায়নি। তাই চাঁদপুর নৌ-টার্মিনালে অবস্থানরত এসব যাত্রীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তালিকা করে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়া একান্ত প্রয়োজন বলে সমাজ সচেতকরা মনে করেন।
২৬ মে, ২০২১।
