চাঁদপুর পাসপোর্ট অফিসের অফিস সহকারী ও দালাল আটক

স্টাফ রিপোর্টার
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চাঁদপুর পাসপোর্ট অফিসের অফিস সহকারী আমিনুল ইসলাম ও মহসীন নামের এক দালালকে আটক করা হয়। গত মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ও অনেকগুলো পাসপোর্ট বই উদ্ধার করা হয়।
জানা যায়, সরকারি এলআর ফান্ডের নামে চাঁদপুর পাসপোর্ট অফিসে টাকা জমা নেওয়া হয়। চাঁদপুর পাসপোর্ট অফিসের আমিনুল সেই টাকা দালালদের মাধ্যমে সংগ্রহ করে থাকেন। গত মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মহসিন নামের এক দালালকে আটক করে। পরে মহসিনের দেওয়া তথ্যমতে চাঁদপুর পাসপোর্ট অফিসের অফিস সহকারী আমিনুল ইসলামকে নগদ টাকা ও অনেকগুলো বইসহ আটক করে ডিবি অফিসে নিয়ে আসে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি র‌্যাব-১১ এর বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় ১২টি পাসপোর্ট, নগদ ৬২ হাজার ৫শ’ টাকা, ১২০টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ, মোবাইল ফোন ও বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

০২ ফেব্রুয়ারি, ২০২২।