চাঁদপুর পুরাণবাজারে পলিথিন রাখায় দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

শাহআলম খান

চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজার ঘোষপট্টিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে দুই পলিথিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে চাঁদপুর জেলার সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে চাঁদপুর পুরাণবাজারের ঘোষপট্টি এলাকায় দু’টি পলিথিনের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৩৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযুক্ত দুজনকে ৫০০০ টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, অভিযানে নিম্নোক্ত দোকানসমূহ থেকে জরিমানা আদায় করা হয়। মেসার্স জগবন্ধু স্টোর (আনুমানিক ২শ’ কেজি পলিথিন শপিং ব্যাগ, জরিমানার পরিমাণ ৫,০০০ টাকা) এবং মেসার্স বিছমিল্লাহ স্টোর (আনুমানিক ১শ’ ৮০ কেজি পলিথিন শপিং ব্যাগ, জরিমানার পরিমাণ ৫,০০০ টাকা)।

জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ধংসের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়।

১৭ জুলাই, ২০২০।