চাঁদপুর পৌরসভার নাগরিক সেবার জন্য অনলাইন কার্যক্রমের উদ্বোধন

পৌরপিতার নির্বাচনী ইশতেহারগুলো সবাই মিলে পূরণ করবো
…….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

সজীব খান
চাঁদপুর পৌরসভার নাগরিকদের জন্য অনলাইন কার্যক্রম সেবার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুর পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ যে আমাদের হয়েছে, তা এখন স্বপ্ন নয়, বাস্তবেই রুপান্তরিত হয়েছে। যে কারণে আজ বৈশ্বিক মহামারি করোনার মাধ্যমে শিক্ষা থেকে শুরু করে আমাদের ব্যবসা-বাণিজ্য সবকিছু চলমান রয়েছে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র, বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আজ ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠা লাভ করে। আমাদের এ ভূ-খণ্ডে বাংলার সব অর্জনের ইতিহাসের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এই সংগঠনটি। এ সংগঠনের নেতাকমীরা ভাষা আন্দোলনে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তারা পাকিস্তানের অপশাসন, দুঃশাসন, বৈষম্য, মানুষের উপর নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছর সংগ্রাম করেছে এবং মুক্তিযুদ্ধে ছাত্রলীগ বিশাল ভূমিকা পালন করেছে, আত্বহুতি দিয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী পুরো ৫০ বছরেও ছাত্রলীগ দেশের বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা দেখেছি ছাত্রলীগ স্বৈরাচারকে উৎখাৎ করতে প্রধান ভূমিকা পালন করেছে। ছাত্রলীগ দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার অগ্রগামী সৈনিক হিসেবে কাজ করছে। গত বছর যখন মানুষের ধান কাটার অসুবিধা হয়েছে, তারা মানুষের ধান কেটে এ ছাত্রলীগই বাড়ি-বাড়ি পৌঁছে দিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করবেন। ২০২১ সালের আগেই তিনি দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করেছেন। আমাদের চাঁদপুর পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা। এর অনেক কিছুই আছে, আবার অনেক কিছু করবার সক্ষমতা রয়েছে। অনেক কিছু করবার সুযোগ রয়েছে। আমি আশা করি, আমি আমার নির্বাচনী এলাকার এমপি হিসেবে আপনারা আমাকে নির্বাচিত করার পর আমার পৌর এলাকাসহ আমার নির্বাচনী এলাকায় যে কাজ করবার চেষ্টা করেছি, উন্নয়ন করেছি, সেখানে গত ১২ বছরে ও এ পৌর এলাকাতে অনেক কাজ করেছি, অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আরও অনেক কিছু করবার সুযোগ রয়েছে। এবার আমাদের এ পৌর নির্বাচনের আগে আমাদের পৌরপিতা যে ইশতেহার দিয়েছেন সে ইশতেহারে তিনি যে অঙ্গীকার দিয়েছেন, সে অঙ্গীকারগুলো আমরা সবাই মিলে পূরণ করবো।
অরেঞ্জ বিডির চাঁদপুর শাখার কো-অর্ডিনেটর মো. উজ্জ্বল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর পৌর সচিব আবুল কালাম, অরেঞ্জ বিডির সিইও আশরাফুল কবীর জুয়েল, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান রোটা. মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, চাঁদপুর পৌর কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী প্রমুখ। অনুষ্ঠানে মূল বিষয় উপস্থাপন করেন অরেঞ্জ বিডির শামীম হোসেন।
এ সময় চাঁদপুর পৌরসভার সব কাউন্সিলর, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা শাহজালাল ও গীতা পাঠ করেন চন্দ্র নাথ।
৬ জানুয়ারি, ২০২১।