চাঁদপুর পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর হানিফ গাজীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মো. হানিফ গাজীর দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টায় চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মমিনপুর মাদ্রাসার প্রিন্সিপাল রাসেদ বিন মাকসুদ।
চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদারের পরিচালনায় জানাজার নামাজের আগে মরহুমের কর্মময় জীবনের সংক্ষিপ্ত স্মৃতিচারন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি ও সোহেল রানা।
দ্বিতীয় জানাজা বাদ জোহর বাগাদী ইউনিয়নের সাহেব বাজার রামচন্দ্রপুর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মো. হানিফ গাজীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর সদালাপী মো. হানিফ গাজী গত বুধবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি গত ২৯ মে তিনি ব্রেন স্ট্রোক করলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। ৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করেন। এতদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
মো. হানিফ গাজী ১৯৯৯ সালে চাঁদপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগে টিকাদানকারী হিসাবে চাকরিতে যোগদান করেন। পরে তিনি স্যানিটারী ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। ঐ চাকরির আগে তিনি চাঁদপুরে সাংবাদিকতায় জড়িত ছিলেন।

০৯ জুন, ২০২৩।