চাঁদপুর পৌর কাউন্সিলর খান বাহাদুরের দাফন সম্পন্ন


সজীব খান
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খান বাহাদুরের জানাযা গতকাল শনিবার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় চাঁদপুর পৌর মেয়র, কাউন্সিলর, শিক্ষক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ মরহুমের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। জানাযার নামাজ পরিচালনা করেন বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মুফতি মাও. ফারুক আহমেদ।
জানাযার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, চাঁদপুর পৌরসভায় ১৪নং ওয়ার্ডে খান বাহাদুরই প্রথম নির্বাচিত কাউন্সিলর ছিলেন। মরহুম খান বাহাদুর সম্পর্কে তিনি বলেন গত ৫ বছর আমরা একসাথে কাজ করেছি। তার সাথে আমার কোন দিন কোন বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়নি। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও নম্র প্রকৃতির। তিনি ১৪নং ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের উপকার করতে সব সময়েই আমার কাছে যেতেন এবং বিভিন্ন সমস্যাগুলো বলতেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ মাস্টার, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ওসমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিমউল্লাহ সেলিম, দেওয়ান মো. সফিকুজ্জমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী জুয়েল, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি কাজী শাহাদাত, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মো. খাইরুল ইসলাম নয়ন মিজি, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মহসিন মজুমদার লিটন, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান প্রমুখ।