চাঁদপুরের সাংবাদিকদের তিনি ছিলেন একজন অভিভাবক
…….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
স্টাফ রিপোর্টার
কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তী সাংবাদিক নেতা, বহুগুণের অধিকারী, চাঁদপুর প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার
এবং জাগো নিউজের জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী। তিনি শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৪টায় ঢাকার ধানমন্ডিস্থ কিডনী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজউন)। চাঁদপুর প্রেসক্লাব মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টা ৪৫ মিনিটে মরহুম ইকরাম চৌধুরীকে বহনকারী লাশবাহী গাড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এসে পৌঁছলে অপেক্ষমান সাংবাদিক নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতার জন্যে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা সৃষ্টি হয়। প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত মরহুমের প্রথম জানাজার আগে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মুঠোফোনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনাপূর্বক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, জনাব ইকরাম চৌধুরীর মৃত্যুর মধ্য দিয়ে আমি যেনো আমার ভাই, সুহৃদ ও একজন আপন মানুষকে হারালাম। আমি খুবই শোকাহত। আমার যে কোনো প্রয়োজনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। আমিও চেষ্টা করেছি তাঁর পাশে দাঁড়াতে। তিনি ছিলেন বহুগুণের অধিকারী একজন স্বজ্জন ব্যক্তি। চাঁদপুরের সাংবাদিক জগতে তিনি ছিলেন একজন অভিভাবক। তিনি চাঁদপুরের সাংবাদিক জগতকে এক ও অভিন্ন রাখার চেষ্টা করে গেছেন। শিক্ষামন্ত্রী যে কোনো প্রয়োজনে মরহুম ইকরাম চৌধুরীর পরিবারের পাশে থাকবেন বলেও অভিমত ব্যক্ত করেন।
মুঠোফোনে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল আলম ও জাগো নিউজের সম্পাদক মো. মহিউদ্দিন সরকার। এছাড়া বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রেসক্লাবের আজীবন সদস্য তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
মরহুমের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের উপর সংক্ষিপ্ততাকারে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, বিএম হান্নান, মরহুম ইকরাম চৌধুরীর পরিবারের পক্ষে প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, মির্জা জাকির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, লক্ষণচন্দ্র সূত্রধর, চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান, চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর জমিনের সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক আলম পলাশ, শাহাদাত হোসেন শান্ত, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান সুমন, কোষাধ্যক্ষ রিয়াদ ফেরদৌস, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জোবায়ের, কচুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, ফরিদগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, মতলব দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্যামল চন্দ্র দাস, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডলার ও হাজীগঞ্জ প্রেসক্লাবের হাবিবুর রহমান জীবন।
প্রথম জানাজায় ইমামতি করেন জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ, চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার মাও. আব্দুর রহমান গাজী।
প্রথম জানাজায় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মরহুমের আত্মীয়-স্বজনরা অংশ নেন।
উপস্থিতিদের মাঝে উল্লেখযোগ্যরা হলেন- চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শংকর চন্দ্র দে, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, প্রেসক্লাবের আজীবন সদস্য গোপাল সাহা, প্রেসক্লাব সদস্য ফনি ভূষণ চন্দ, প্রেসক্লাবের কার্যকরী সদস্য আলহাজ ওমর পাটওয়ারীসহ আরো অনেকে।
পরে বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে চাঁদপুর পৌর কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মৃত্যুকালে ইকরাম চৌধুরী বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী ও ডায়াবেটিস রোগসহ জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৫ ভাই, ৩ বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইর চরে। বাবা মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী ছিলেন অবসরপ্রাপ্ত মহকুমা শিক্ষা অফিসার। তারা দীর্ঘকাল যাবৎ চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকায় বসবাস করছেন।
ইকরাম চৌধুরীর মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাব ৩ দিনের শোক ঘোষণা করেছে। আগামি মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবে কোরআন খতম ও মিলাদ অনুষ্ঠিত হবে। গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
০৯ আগস্ট, ২০২০।
