স্টাফ রিপোর্টার
চাঁদপুরে রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে বিশাল আকারের বাসাবাড়ি নির্মাণ করছে দুর্বৃত্তরা। প্রতিদিন যেভাবে রেলওয়ের জায়গায় পাকা স্থাপনা নির্মিত হচ্ছে, তাতে মনে হচ্ছে এ জায়গা দেখার যেন কেউ নেই।
সরেজমিন গিয়ে জানা যায়, চাঁদপুর শহরের বকুলতলায় এলাকায় (পালবাজার সংলগ্ন) পুকুর পাড় মাটি দিয়ে ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করছে। কে শোনে কার কথা? তাদের ভেতরে কোন ভয় নেই, নির্ভয়ে প্রকাশ্যে রেলওয়ের জায়গায় বিশাল লম্বা পাকা স্থাপনা নির্মাণ করছে। তারা জানান, আমরা রেলওয়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এ স্থাপনা নির্মাণ করছি।
এক শ্রেণির অসাধু ব্যক্তিরা বিভিন্ন নেতাদের সাথে লিয়াজো করে রেলওয়ের জায়গায় আধিপত্য বিস্তার করে দখল করেছে বলে স্থানীয়রা জানায়। পরবর্তীতে তারা ঐ স্থাপনা নিজেরা লাখ-লাখ ও কোটি-কোটি টাকায় বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে।
আবার অনেকে রেলওয়ের জায়গায় বাসাবাড়ি বানিয়ে নিজেরা স্বঘোষিত বাড়িওয়ালা বনে যাচ্ছে। সে বাসাবাড়ি ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ প্রতিমাসে তারা লাখ-লাখ টাকা হাতিয়ে নিলেও সরকার এসব জায়গা থেকে এক টাকাও রাজস্ব পাচ্ছে না। এসব অবৈধ দখলদাররা রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা ও স্টাফদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে রেলওয়ের জায়গা দখল করে।
চাঁদপুর শহরের বকুলতলা এলাকায় একটি মাত্র পুকুর। যা দিন দিন অবৈধ দখলদাররা আস্তে আস্তে মাটি ফেলে ভরাট করে ফেলছে। সেই বিশাল পুকুর এখন শুধুমাত্র একটি ডোবায় পরিণত হয়েছে।
৩০ জুন, ২০২১।
