শতাধিক দোকান ও ৮ তলা ভবন রক্ষা
এস এম সোহেল
চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকার ভূঁইয়া ইলেক্ট্রনিক ও হার্ডওয়ার এবং সিটি হার্ডওয়ার এন্ড ইলেক্ট্রনিকসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন চারপাশে ছড়িয়ে পরার আগেই ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এতে শতাধিক দোকানপাট ও একটি ৮ তলা ভবন রক্ষা পায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান- চাঁদপুর ফায়ার সার্ভিস (উত্তর) উপ-পরিচালক।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিপণীবাগ এলাকার চাঁদপুর সরকারি কলেজের সামনের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণে এই সড়কের প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। আগুন লাগার সাথে-সাথে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা তাদের দোকান থেকে তড়িঘড়ি করে মালামাল অন্যত্র সরিয়ে নেয়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীসহ সর্বস্তরের জনগণ কাজ করেন ও চাঁদপুর সদর মডেল থানার এসআই রাকিব হোসেন ও কনস্টেবলরা উৎসুক জনতাকে আগুনের কাছে না যাওয়ার নির্দেশ প্রদান করেন। এছাড়া আগুন লাগার খবর শুনে চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মরত লাইনম্যানরা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়।
স্থানীয় ব্যবসায়ী আবু তাহেরসহ কয়েকজন জানান, মাগরিবের আজানের পরপর ‘আগুন আগুন’ চিৎকার শুনে সবাই ছুটে আসে। পরে অন্যান্য ব্যবসায়ীরা তড়িঘড়ি করে দোকানের মালামাল সড়িয়ে নেন। তবে ভূঁইয়া ইলেক্ট্রনিক ও হার্ডওয়ার এবং সিটি হার্ডওয়ার এন্ড ইলেক্ট্রনিকসের অনেক ক্ষতি হয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস (উত্তর) এর উপ-সহকারী পরিচালক মো. শাহিদুল ইসলাম জানান, আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস দক্ষিণের ৩টি ও উত্তরের ২টিসহ আমাদের ৫টি ইউনিট কাজ করে। এসময় প্রায় ৩৫ জন কর্মী অংশ নেন।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তসাপেক্ষে জানানো যাবে। সময়মত আগুন নিয়ন্ত্রণের কারণে শত-শত দোকান ও একটি ৮ তলা ভবন রক্ষা পায়। ভবনের কেউ যেন আতঙ্কিত না হয় সেজন্য তাদের পরামর্শ দেওয়া হয়।
১৬ ফেব্রুয়ারি, ২০২৩।
