চাঁদপুর বিপণীবাগ বাজারে পচা মাংস বিক্রি, ব্যবসায়ীদের অর্থদণ্ড

শাহ আলম খান
চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারে ফ্রিজে রাখা (পচা) মাংস বিক্রি করা, মূল্য তালিকা না থাকায় দু’টি মাংসের দোকান, দু’টি মাছের দোকান কে ৪ হাজার টাকা এবং স্বাস্থ্য বিধি না মানায় ৪ ব্যাক্তি ৪শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ২টি মাংসের দোকান এবং ২টি মাছের দোকানকে মূল্য তালিকা না থাকা এবং ফ্রিজের মাংস বিক্রি করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাজারে আসা ক্রেতাদের মাস্ক না পরার জন্য ৪ জনকে ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার মো. রেজাউল করিম এবং আনসার সদস্যবৃন্দ।
২ সেপ্টেম্বর, ২০২০।