চাঁদপুর মডেল থানা ক্যান্টিনে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে চলছে ব্যবসা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানা কেন্টিনে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে চলছে ব্যবসা। থানা কর্তৃপক্ষ বারংবার নিষেধ করা সত্বেও ক্যান্টিন পরিচালক কোনো বাঁধা না মেনেই ব্যবসা পরিচালনা করছেন। তার এই ধরনের খামখেয়ালিপনায় থানা কর্তৃপক্ষ অতিষ্ট হয়ে উঠেছে। চলতি বছরের ৭ মার্চ চাঁদপুর মডেল থানা ক্যান্টিনটি উদ্বোধন করেন চাঁদপুরে সাবেক পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
চাঁদপুর মডেল থানা ক্যান্টিনটি পরিচালনা করছেন মিজানুর রহমন। জানা গেছে, ক্যান্টিন পরিচালনার জন্য প্রতি মাসে থানা কর্তৃপক্ষকে ভাড়া বাবদ ১৫ হাজার টাকা দেয়ার কথা থাকলেও মিজানুর রহমান সঠিকভাবে ভাড়ার টাকা পরিশোধ করছেন না। তারমধ্যে চাঁদপুর মডেল থানা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই থানা ব্যারাক ও থানা অভ্যন্তরে আবাসিক গ্যাস সংযোগ থেকে অবৈধ পন্থায় গ্যাস সংযোগ নিয়ে চাঁদপুর মডেল থানার নামে ক্যান্টিনটি পরিচালনা করছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান সঠিক কোনো উত্তর দিতে পারেননি। মিজানুর রহমান দীর্ঘদিন ধরে পুলিশ সুপার কার্যালয়ের ক্যান্টিন পরিচালনা করছেন। সেই সুবাদে তিনি চাঁদপুর মডেল থানা নামে এ ক্যান্টিনটি নতুনভাবে নিয়ে ব্যবসা পরিচালনা করতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করছেন।
চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এই অবৈধ গ্যাস সংযোগ আমরা বন্ধ করে দিবো। এজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
০১ সেপ্টেম্বর, ২০২১।