স্টাফ রিপোর্টার
‘এসো মিলি মুক্তির মোহনায়’ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে গতকাল বুধবার মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করা হয়। এবছর চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা গৌরব ৩০ বছরে পদার্পণ করেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে উৎসর্গ করে বিজয় মেলার সব কার্যক্রম করা হচ্ছে। উদ্বোধনী দিন সন্ধ্যায় মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়।
সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরণ ও মহাসচিব হারুন আল রশিদ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে এম এ ওয়াদুদ বলেন, যারা মুক্তিযুদ্ধের বিজয় মেলায় এসেছেন তারা স্বাধীনতাকে হৃদয়ে ধারণ ও স্মৃতিচারণ করেছেন দেশের খ্যাতিমান ব্যক্তিরা। তা থেকে আমাদের প্রজন্ম স্বাধীনতার ইতিহাস জানতে পেরেছে। প্রতিদিন বিজয় মঞ্চে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে থাকে। এ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন করা হচ্ছে। আজ বিজয় মেলার উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটে চাঁদপুর জেলা শাখা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে রূপালী চম্পক, কৃষ্ণা সাহা, ইতু চক্রবর্তী, রুমা সরকার, ডানা দেবনাথ, মৃনাল সরকার, রিয়া চক্রবর্তী, লিটন, কাজী কাবিসা, শাওন সাথি মজুমদারসহ আরো অনেকে। নৃত্য পরিবেশন করে নৃত্যধারা ও নৃত্যাঙ্গনের শিল্পীরা।
০৯ ডিসেম্বর, ২০২১।
