চাঁদপুর মুক্ত দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার
৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে সংক্ষিপ্ত কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের অঙ্গীকার পাদদেশে ১৯৭১ সালে মুক্তির সংগ্রামে চাঁদপুরসহ সারাদেশের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ ও চাঁদপুরের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলার নেতৃবৃন্দ। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রসহ অন্যান্য সাংস্কৃতি ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের আগে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, মুক্তিযুদ্ধের বিজয় মেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বদিউজ্জামান কিরণ, মহাসচিব হারুন আল রশিদ, কবি ও সাহিত্যিক ডা. পিযুষ কান্তি বড়ুয়া প্রমুখ।
আলোচনা সভার আগে স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অঙ্গীকার পাদদেশে এসে শেষ হয়।
এছাড়া চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।
৯ ডিসেম্বর, ২০২০।