চাঁদপুর লকডাউনের ৭ম দিনে ৯৭ মামলায় ৭৩ হাজার টাকা অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় লকডাউনের সপ্তম দিনে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত হয়। বৃষ্টি ও লকডাউনে শহরের বেশ কিছু সড়ক ছিলো জনশূন্য।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত জেলায় স্বাস্থ্যবিধি না মানায় জেলা-সদর ও ৭ উপজেলার ইউএনও, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা চাঁদপুর জেলায় স্বাস্থ্যবিধি না মানায় ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৭ মামলায় ৭৩ হাজার ৮শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে। একইসাথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে সচেতন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়ান সদস্যদের সহায়তা সচেতনতামূলক প্রচারণা, মাইকিং ও মাস্ক বিতরণসহ সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন।
মহামারী করোনার মৃত্যু ও আক্রান্ত দিন দিন বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের কঠোর লকডাউন আরো ৭ দিন বাড়ানো হয়। প্রথমার্ধের সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের গতকাল বুধবার ছিলো সপ্তম দিনেও চাঁদপুর জেলা সদর ও উপজেলা পর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। শহরের লোকজনকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য মাইকিংসহ প্রচারণা অব্যাহত রয়েছে। জেলায় আশঙ্কাজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় আক্রান্ত রোগী সংখ্যা বেশি।
এসময় যারা লকডাউন অমান্য করে বিনা কারণে বাইরে বের হয়েছেন তাদের কাছ থেকে আলাদা আলাদাভাবে অর্থদন্ড আদায় করা হয়।
চাঁদপুরে কঠোর লকডাউন চলমান পরিস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয়ের এই মোবাইল কোর্ট নিয়মিত অব্যাহত থাকবে বলে জানা যায়।

০৮ জুলাই, ২০২১।