চাঁদপুর শহরে সেমাই কারখানাসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখে অসামঞ্জস্য থাকায় চাঁদপুর শহরের চিত্রলেখার মোড় এলাকায় সেমাই কারখানাসহ ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত শুক্রবার বিকেলে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।
তিনি বলেন, আজ শহরের চিত্রলেখার মোড়ে এবং হাকিম প্লাজায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় চিত্রলেখার মোড়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখে অসামঞ্জস্য থাকায় মেট্রো ব্রেড এন্ড লাচ্ছা সেমাইকে ২০ হাজার টাকা, জন্মদিনের কেকে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় আলী বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া হাকিম প্লাজায় অতিরিক্ত মুনাফায় পাঞ্জাবী বিক্রির দায়ে এবং সঠিকভাবে ক্রয় ভাউচার প্রদর্শন না করতে পারায় নূর পাঞ্জাবীকে ৫ হাজার টাকা ও পাঠান পাঞ্জাবীকে ২ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নূর হোসেন বলেন, এর আগে ৫ এপ্রিল শহরের পুরাণবাজার অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করার কারণে সাইফুল ফুডকে ২০ হাজার, পাঁচতারা সেমাইকে ১০ হাজার, আলম ফুডকে ৫ হাজার এবং আজমেরি সেমাইকে ১০ হাজার টাকা এবং ৬ এপ্রিল একই কারণে শহরের স্বর্ণখোলা রোড মধু ফুড লাচ্ছা সেমাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন। ভোক্তার স্বার্থ সুরক্ষায় এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

০৯ এপ্রিল, ২০২৩।