চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরাণবাজারে ভাঙন রোধে ডাম্পিং অব্যাহত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরাণবাজার হরিসভা এলাকায় মেঘনার ভাঙনস্থানে বালিভর্তি জিও ব্যাগ ফেলা অব্যাহত রয়েছে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষায় ভাঙন শুরুর পর থেকে কাজ করে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানা যায়, ভাঙন এলাকায় মেঘনা নদীর গভীরতা প্রায় ৬০ ফুট কমে এখন ৪৫ ফুটে এসেছে। পানি উন্নয়ন বোর্ডের একটি বিশেষজ্ঞ টিম শুক্রবার ভাঙন এলাকা পরিদর্শন করে নকশা তৈরি করেছেন। শহর রক্ষা বাঁধের পুরাণবাজার হরিসভা মন্দির এলাকার গতকাল বুধবার পর্যন্ত ১০ হাজার ১শ’ ৫৭ বস্তা বালুভর্তি জিও ব্যাগ নদীতে ডাম্পিং করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, গত ১২ আগস্ট রাত ১০টার পর ২৫ মিটার এলাকায় ভাঙন দেখা দেয়। মুহূর্তেই ঐ এলাকার সিসি ব্লক নদীতে তলিয়ে যায়। হুমকির মুখে পরে পুরো এলাকা।
ঢাকা পানি উন্নয়ন বোর্ড চীপ ইঞ্জিনিয়ার (ডিজাইন) মো. হারুনুর রশীদসহ কর্মকর্তারা সরজমিনে ভাঙন এলাকা ঘুরে জানান, আমরা ভাঙন এলাকা পরিদর্শন করেছি। ঐ এলাকায় নদীর গভীরতা অনেক বেশি। দীর্ঘদিন শহর রক্ষা বাঁধের কাজ না হওয়ার কারণে এ ভাঙন দেখা দিয়েছে। এ কারণে বর্ষা মৌসুমে অস্বাভাবিক পানির চাপ ও ঘূর্ণিপাকের কারণে শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে।
তিনি আরো জানান, চাঁদপুর শহর রক্ষা বাঁধ স্থায়ীভাবে কাজ করার জন্য মন্ত্রণালয়ে প্রকল্প প্রজেক্ট জমা দেয়া হয়েছে।
২০ আগস্ট, ২০২০।