চাঁদপুর শিশুকল্যাণ ট্রাস্ট প্রাবিতে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শিশুকল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার (১৫ জানুয়ারি) বাদ মাগরিব বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।
তিনি তার বক্তব্যে বলেন, আজ আমরা শুধু কম্বল দিয়ে আসিনি। মূলত এসেছি যা সামর্থ্য আছে তাই নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে। আজ আমরা যে চেয়ারে বসে আছি, আগামী দিনে আপনাদের সন্তানরা যেন সেই চেয়ারে বসতে পারে, সেভাবে তাদের গড়ে তুলতে হবে। মনটাকে গরিব রাখা যাবে না। মনে সাহস থাকতে হবে। বিভিন্ন দুর্যোগে সবাই এগিয়ে আসতে হবে। শীত মানুষের দ্রুত ক্ষতি করতে পারে। তাই সবাইকে সাবধানে থাকতে হবে।
তিনি আরো বলেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত একজন দক্ষ সংগঠক। তার প্রমাণ হচ্ছে আজকের অনুষ্ঠান। স্বল্প সময়ে এরকম সুন্দর আয়োজন করা। আমি মনে করি শাহাদাত হোসেন শান্ত চাঁদপুরের সকল সাংবাদিককে নিয়ে সুন্দর ও সুসংগঠিতভাবে প্রেসক্লাব পরিচালনা করবেন।
চাঁদপুর শিশুকল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে ও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মজিবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, এএইচএম আহসান উল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, স্থানীয় গণ্যমান্য ডা. মোস্তফা কামাল, কবি মুহাম্মদ হানিফ, মো. ওয়াসিম, বিদ্যালয়ের শিক্ষক সেলিনা আক্তার, জান্নাত হাওয়া, তাসনুভা রহমান তন্বি প্রমুখ।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতের সৌজন্যে চাঁদপুর শিশুকল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও দুম্বার মাংস বিতরণ করেন অতিথিরা।

১৬ জানুয়ারি, ২০২৪।