চাঁদপুর সদরে এনজিওগুলোর কার্যক্রম চোখে পড়ে না …….মো. মাজেদুর রহমান খান

শাহ আলম খান
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চাঁদপুর জেলার সহযোগী সংস্থাসমূহ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনেক সংগঠন ছোট কাজ করলেও ভালভাবে প্রচার করে না। সরকার বিনা ফিতে চাঁদপুর টেকনিক্যাল স্কুলে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে। এখানে এখন মেয়েরাও প্রশিক্ষণ নিচ্ছে। মেয়েদের সাথে আমি কথা বলে দেখেছি। বেশিরভাগ মেয়েরাই শিক্ষিত। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের মধ্যে কাজের আগ্রহটা অনেক বেশি। তারা সমাজের সেবামূলক অনেক কাজের সাথে জড়িত।
জেলা প্রশাসক আরো বলেন, চাঁদপুর সদরে এনজিওগুলোর কার্যক্রম তেমন চোখে পড়ে না। তবে কচুয়া উপজেলার এনজিওগুলোর কার্যক্রম অনেক ভালো।
এনজিও ফাউন্ডেশন চাঁদপুরের সভাপতি রেজ্জাকুল হায়দার সভাপতিত্বে ও নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পিএম বিল্লালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান।
তিনি বলেন, ২০৩০ সালকে সামনে রেখে কাজ করবেন স্বল্পমেয়াদী। তবে যেই কাজটি করবেন সেটি খুব ভালোভাবে করবেন। যাতে করে সরকারের উন্নয়ন ফুটে উঠে। আপনাদের নিয়মিত কাজের পাশাপাশি দেশে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে পরিকল্পনা করতে পারেন। তাদেরকে বিকল্প কর্মসংস্থানের দিকে নিতে পারলে ভিক্ষুকের সংখ্যা কমে আসবে।
সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক চাঁদপুরের এলসি ল’ইয়ার কামাল উদ্দিন, ব্রাঞ্চ ডেপুটি কো-অর্ডিনেটর মো. জিয়াউর রহমান, দিশার ব্রাঞ্চ ম্যানেজার মো. আনোয়ার হোসেন, ব্যুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার মো. শাহাদাত হোসেন, এএফডিও’র ম্যানেজার মো. খোরশেদ আলম, নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মীরা রানী দাস, দি গুড আর্থের কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, বাংলাদেশ শেল্টারের নির্বাহী পচিলাক মো. মিজানুর রহমান, সুপারভাইজর শোহরাব হোসেন ও সুজন মিজি, স্বদেশ উন্নয়ন সংসদের নির্বাহী পরিচালক শামছুল আলম, সিএসইডিও’র নির্বাহী পরিচালক মো. নুরুল আমিন, ‘সল’র নির্বাহী পরিচালক মো. সেলিম রেজা, চরভৈরবী সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান ভূঁইয়া, লক্ষ্মী সোসাইটির পরিচালক আবজাল হোসেন প্রমুখ।