স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাজ নিয়ে অসন্তুষ্ট মুক্তিযোদ্ধারা। চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডে ৪ তলাবিশিষ্ট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি করা হয়। ভবনের কাজের গুণগত মান নিয়ে মুক্তিযোদ্ধারা অসন্তোষ প্রকাশ করেছেন। সম্প্রতি সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতীসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ভবনটি উদ্বোধনের পর পরিদর্শনে যান। এসময় তারা কমপ্লেক্স ভবনটি পুরো ঘুরে দেখেন। ভবনের গ্রিল ও দেয়ালের ফিনিসিংসহ বেশ কিছু কাজে তারা অসন্তুষ্ট বলে জানান।
মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত এ ভবনে মুজিব কর্নার, মুক্তিযোদ্ধাদের কনফারেন্স রুম, বসার রুম, ওয়াশরুমসহ নিচ থেকে উপর তালা ঘুরে-ঘুরে ভবনের কাজের ত্রুটিগুলো বের করেন তারা।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী এএসএম রাশেদুর রহমান ও সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. জামাল হোসেনসহ মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতী বলেন, আমাদের সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি আমাদের দীর্ঘদিনের দাবি। আমাদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার বিভাগের তদারকিতে ভবনটি নির্মাণ করেন। এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে চিরঋণী। কিন্তু ঠিকাদার আমাদের ভবনটির কাজ সঠিকভাবে করেনি।
১৪ ডিসেম্বর, ২০২১।
