সজীব খান
চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, টেকনিক্যাল টেনিং সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে চাঁদপুর কারিগরি ও বিদেশগামীদের প্রশিক্ষণের একটা সূচনার উদ্বোধন হলো। এর ফলে প্রবাসীরা এখানে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে বেশি বেশি রেমিট্যান্স দেশে পাঠাতে পারবেন। দেশে অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রবাসীর সংখ্যা হিসেবে চাঁদপুরের অবস্থান অষ্টম, আর বৈদেশিক মুদ্রা পাঠানোর অবস্থান রয়েছে পঞ্চম।
তিনি আরো বলেন, আমাদের দক্ষ হতে হবে। টেকনিক্যাল ও কম্পিউটার কাজ জানা থাকলে আয়-রোজগার বাড়বে। দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। কোভিডের সময় দেশের আয় কমেছে। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানব সম্পদ উন্নয়নের জন্য কারিগরির বিকল্প নেই। আমাদের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূরদর্ষিতার চোখ দিয়ে দেশের জন্য কাজ করছে। মানুষ যাতে ভাল থাকে, দেশের কল্যাণে কাজ করতে পারে, সেদিকে বেশি গুরুত্ব দিয়ে তিনি কাজ করছে।
তিনি বলেন, শেখ হাসিনা তার পিতার মত কথা দিয়ে কথা রাখেন। মানুষের কথা ভাবেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ রুপান্তরিত হবে। এজন্য আমাদের রেমিট্যান্স বাড়াতে হবে। দক্ষ শ্রমিক সৃষ্টি করে জনশক্তি বিদেশে পাঠাতে হবে। দক্ষ যারা তাদের সব স্থানেই মূল্য আছে। রেমিট্যান্স বাড়তে দক্ষ জনশক্তির বিকল্প নেই। প্রবাসে বৈধ উপায়ে যেতে হবে। অনিরাপদ গন্তব্য যাওয়ার যাবে না। সরকার বৈধ পথে বিদেশ যাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছে। প্রশিক্ষণের মাধ্যমে অল্প খরচে বিদেশে যাওয়ার সুন্দর ব্যবস্থা রেখেছে। বৈধ পথে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে গেলে আয় রোজগার নিশ্চিত হবে। তথাকথিত ফ্রি ভিসায় কেউ বিদেশে পা না বাড়িয়ে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার অনেক সহজ ব্যবস্থা রয়েছে। নিরাপদ অভিবাসনের জন্য সরকার কাজ করছে। বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক নারীদের অভিবাসনের জন্য ভাবতে হবে। সরকার অভিবসানের জন্য নিরাপত্তার বিষয়ে ভেবেছেন। দক্ষ হয়ে বিদেশ গেলে জীবন মান উন্নত হবে। হাতে-কলমে দক্ষতার পাশাপাশি ভাষাকে ভালভাবে জানতে হবে।
উদ্বোধকের বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আমাদের গন্তব্য অনেক দূরে। সবাই মিলে কাজ করে উন্নয়নের মহাযজ্ঞে দেশ এগিয়ে যাবে। বৈদেশিক কর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশেই দেশে টিটিসির কাজ হচ্ছে। আমাদের যারা বিদেশে যাবে, তাদের দক্ষ কারিগর হিসেবে তৈরি হয়ে যেতে হবে। দক্ষ মানুষ বা কর্মী তৈরি করতে টিটিসি করা হয়েছে। দক্ষ হয়ে বিদেশ যেতে হবে, ৪৫ হাজার ৫শ’ লোক গত একবছরে চাঁদপুর থেকে বিদেশে গেছে। দক্ষ শ্রমিক আমরা বিদেশে পাঠাতে পারলে আমাদের আত্মতৃপ্তি বাড়বে। দেশের অর্থনৈতিক গুরুতর ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টিটিসির কার্যক্রম এগিয়ে যাচ্ছে। বিদেশ থেকে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাতে পারলেই অর্থনৈতিকভাবে কাজে লাগবে। সবাইকে সচেতন হতে হবে। কম খরচে বিদেশে যেতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বৈধ পথে বিদেশে যেতে হবে। নিজের টাকা খরচ করে অবৈধ পথে বিদেশ গিয়ে জীবনকে অনিশ্চিত যাত্রায় নেওয়া যাবে না। দেশকে কিছু না কিছু করে দিতে হবে। নারীদেরও কারিগরি ক্ষেত্র এগিয়ে আসতে হবে। প্রতিটি কাজেই মেয়েরা এগিয়ে রয়েছে। নার্সিং কাজে মেয়েদের এগিয়ে আসতে হবে। দক্ষতাকে কাজে লাগাতে হবে। স্বপ্ন দেখতে হবে বড়। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের কথা ভাবেন। বঙ্গবন্ধু যেভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করছেন, ঠিক তেমনি শেখ হাসিনা করে যাচ্ছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মনিরুছ সেলেহীনের সভাপতিত্বে এবং সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন টিটিসির পিডি সাইফুল হক চৌধুরী, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ মাও. মোশারফ হোসেন ও গীতাপাঠ করেন বিমল চন্দ্র দে।
বক্তব্য শেষে অতিথিরা প্রশিক্ষণ কেন্দ্র আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রী ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ এর ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
১৬ জুলাই, ২০২৩।
