চাঁদপুর সদর হাসপাতালে ১২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

২৪ দিনে ৬৫ ডেঙ্গু রোগী ভর্তি

এস এম সোহেল
২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে ১২ জন রোগী ভর্তি রয়েছেন। তারা হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। ৬ জনের মধ্যে ২ জন চাঁদপুরের, বাকি ৪ জন ঢাকাসহ বিভিন্নস্থানের রোগী। এদের মধ্যে বেশিরভাগ রোগীই ঢাকায় আক্রান্ত হয়ে চাঁদপুরে আসছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
রোগীর স্বজনরা জানান, তারা দীর্ঘদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন তাদের জ্বর না কমায় তাদের চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্তের কথা জানতে পারেন।
হাসপাতালে ডিউটিরত কয়েকজন নার্স জানান, ভর্তিকৃত রোগীরা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাদের রক্ত পরীক্ষা করলে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়টি সনাক্ত হয়। গাফিলতি না করে সময়মত চিকিৎসাসেবা নিলে জ্বর ভাল হয়। নয়তো মৃত্যু পর্যন্ত হতে পারে।
ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ আসমা আক্তার জানায়, বর্তমানে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। প্রতিদিন গড়ে ৫-৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। ৬ জনের মধ্যে ২ জন চাঁদপুরের, ৪ জন চাঁদপুরের বাহিরের রোগী। এদের মধ্যে বেশীর ভাগ রোগীই ঢাকায় আক্রান্ত হয়ে চাঁদপুরে আসছে।
তিনি আরও জানান, চলতি মাসের ১ অক্টোবর থেকে ২৪ তারিখ বিকেল পর্যন্ত ৬৭ জন ভর্তি হয়েছেন, আর চিকিৎসাসেবা নিয়েছেন ৫৫ জন। বর্তমানে ৮ টি বেডে মোট ১২ জন রোগী ভর্তি আছেন। ভর্তিকৃতদের মধ্যে ৪ জন চাঁদপুরে ও বাকি ৮জন ঢাকায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আমরা রোগীদের মশারী টানিয়ে ও অন্যান্য চিকিৎসাসেবা প্রদান করছি।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা বেগম পলিন জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের ৮টি বেড রয়েছে। আরো ১০টি বেড বাড়ানো হচ্ছে। পুরুষ ও নারীদের জন্য আলাদা আলাদা বেড দেওয়া হবে। নতুন ১০টি বেড ঘূর্নিঝড়ের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই রোগীদের সেবা দেওয়া হবে। আপাতত ঘূর্ণিঝড়ের পরিস্থিতির জন্য বেডগুলো প্রস্তুত রাখা হয়েছে।

২৫ অক্টোবর, ২০২২।