প্রেস বিজ্ঞপ্তি
মেঘনা পাড়ের বাতিঘর খ্যাত চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, ১৫ জন সাধারণ কাউন্সিলর এবং ৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে সাথে নিয়ে তিনি চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে স্থাপিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো. আজিম উদ্দিন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান, শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, শিক্ষক পরিষদ যুগ্ম-সম্পাদক মো. সাইদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে শিক্ষামন্ত্রী কলেজ ক্যাম্পাসে পৌঁছলে প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে কলেজ শিক্ষকবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। এরপর মন্ত্রী কলেজে নতুন করে স্থাপিত অনলাইন ক্লাস স্টুডিও এবং বিডিরেন (বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক) এর জুম অ্যাপস্’র উদ্বোধন ঘোষণা করেন।
এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, বিডিরেনের জুম অ্যাপস্’র মাধ্যমে অনলাইনে ক্লাস নেয়ার ক্ষেত্রে চাঁদপুর সরকারি কলেজ আরো একধাপ এগিয়ে গেল। এতে শিক্ষার্থীরা ভাল ক্লাস পাবে এবং উপকৃত হবে। তিনি শিক্ষার্থী-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রুপক রায়সহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসির ক্যাডেট, রোভার স্কাউটস সদস্য এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
২৫ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে শিক্ষামন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ
