চাঁদপুর সরকারি কলেজে ‘বঙ্গবন্ধুর রাজনীতিতে রবীন্দ্র প্রভাব: একটি পর্যালোচনা’ শীর্ষক ওয়েবিনার

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি কলেজে মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক মো. সাইদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী, প্রফেসর মো. বেলাল হোসাইন, প্রফেসর ড. একিউএম শফিউল আজম এবং প্রফেসর সোমেশ কর চৌধুরী।
ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ড. সুলতানা তৌফিকা আক্তারের পরিচালনায় সেমিনার আলেচনায় অংশগ্রহণ করেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম ও চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
ওয়েবিনারে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিবসহ ৭৫ এর ১৫ আগস্টের সব শহীদ এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সব শহীদকে।
প্রফেসর অসিত বরণ দাশ বলেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সার্বজনীন, তিনি সারা বিশ্বের কবি। সাহিত্যের এমন কোন জায়গা নেই যেখানে রবীন্দ্রনাথের বিচরণ নেই। ঠিক তদ্রুপ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ছিল আন্তর্জাতিক মানের। তাঁর অসাধারণ প্রতিবাদী, অহিংস আন্দোলনের রূপটি এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষেত্র বিশেষে মাহাত্মা গান্ধীর কাছ থেকে।
প্রফেসর নেহাল আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনই ছিলেন পশ্চিম পাকিস্তানীদের কাছে নিষিদ্ধ ব্যক্তি। একজনের সাহিত্য কর্মের উপর আঘাত করেছে এবং আরেকজনের প্রতিবাদী কন্ঠস্বরকে বারবার রুদ্ধ করা হয়েছে। বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা থেকেই এ দেশটাকে সোনার বাংলা এবং দেশের মানুষকে ভালবেসে সোনার মানুষ হিসেবে তুলনা করেছেন।
প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, করোনকালীন সময়ে চাঁদপুর সরকারি কলেজ যে কার্যক্রম চালিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে রবীন্দ্রনাথ গভীরভাবে জড়িয়ে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বকবি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্ব রাজনীতির কবি। বঙ্গবন্ধুর জীবনে রবীন্দ্রনাথ কিভাবে আসন গেড়েছেন আজকের ওয়েবিনারে তা উঠে এসেছে। বঙ্গবন্ধুর মত এ রকম একজন সৃজনশীল রাজনৈতিক স্বপ্নদ্রষ্টা ইতিহাসে বিরল।
অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ওয়েবিনার আয়োজনে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে এবং অনলাইনে সংযুক্ত সকল অতিথিকে ধন্যবাদ জানান। বিশেষ করে শত ব্যস্ততার মধ্যেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ অনলাইনে সংযুক্ত থেকে এই আয়োজনকে সার্থক করে তুলেছে বলে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
১৩ জানুয়ারি, ২০২১।