
স্টাফ রিপোর্টার
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার সকাল ১০টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সালেহ আহমেদ জানিয়েছেন, ডা. আনোয়ারুল আজিম গত ৩ ডিসেম্বর চাঁদপুরে থাকা অবস্থায় অসুস্থ বোধ করেন। পরদিন ৪ ডিসেম্বর তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি ব্রেন স্ট্রোক ও হার্ট এটাক করেছেন। এছাড়া তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত বুধবার আনোয়ারুল আজিম বেশি অসুস্থ পড়লে তিনি নিবিড় পরিচর্যার জন্য লাইফ সাপোর্টে নিয়ে রাখা হয়। গতকাল সকাল ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. আনোয়ারুল আজিম ২০১৮ সালের ৮ মার্চ চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে চাঁদপুরে যোগদান করেন। এই হাসপাতালে তিনি ৩০তম তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬২ সালের ২৫ আগস্ট ফেনী জেলার ফুলগাজী থানায় তিনি জন্মগ্রহণ করেন।
ডা. আনোয়ারুল আজিমের বাড়ি ফেনি জেলার ফুলগাজী থানার কিছমত ঘনিয়া গ্রামে। ১৯৮৫ সালের ১২ নভেম্বর মেডিকেল অফিসার হিসেবে তিনি সরকারি চাকুরিতে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে তিনি সুনামের সাথে স্বাস্থ্য বিভাগে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে ডা. আনোয়ারুল আজিম এক কন্যার জনক।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার খিলগাঁওস্থ বাসার সামনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১০টায় ফেনী জেলার ফুলগাজী থানার কিছমত ঘনিয়া গ্রামের ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর ২৫০ শয্যার বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের সব চিকিৎসক, বিএমএ চাঁদপুর জেলা শাখা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্যবৃন্দ।
