চাঁদপুর সরকারি মহিলা কলেজে শেখ হাসিনা ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি মহিলা কলেজের ১২তলা ভিতবিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১টায় কলেজ প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, মহিলা কলেজের উপাধ্যক্ষসহ সব শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের থাকার পরিবেশের মানোন্নয়নে কলেজ ক্যাম্পাসে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ১২ তলা ভিতবিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী নিবাস নির্মাণ করা হবে। হোস্টেলটিতে ৩৫০ জন শিক্ষার্থীর আবাসন সুবিধা থাকবে। হোস্টেলটিতে শিক্ষার্থীদের জন্য লিফ্ট, ওয়াইফাই জোন, লাইব্রেরি, কমনরুমসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকছে। এ হোস্টেলটির নির্মাণ কাজ শেষ হলে চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলাসহ অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান হবে। আশা করি আগামি ২ বছরের মধ্যে হোস্টেলটির নির্মাণ কাজ শেষ হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেট থেকে শেখ হাসিনা ছাত্রী নিবাসটির নির্মাণ কাজ পরিচালিত হবে।

০৫ জানুয়ারি, ২০২২।