শিশু পরিবারের প্রতিটি শিশু সরকারের পবিত্র আমানত
………জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
মোহাম্মদ সিনটু
চাঁদপুরের জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ শিশু পরিবারের শিশুদের উদ্দেশে বলেছেন, আমি তোমাদের সবসময়ই হাসি মুখ
দেখতে চেয়েছি, আতঙ্কিত মুখ দেখতে চাইনি। তোমরা সরকারের পবিত্র আমানত। তোমাদের এতটুকু ক্ষতি হতে দিবো না। এটা আমাদের সবার পবিত্র দায়িত্ব।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর সরকারি শিশু পরিবার আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, শীতকালীন নবান্ন উৎসব সংস্কৃতির একটি অংশ। নতুন প্রজন্মকে জানানোর জন্যেই আজ এই আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা কিভাবে বসবাস করতেন, আজ নাচ-গানের মাধ্যমে তা ফুটে উঠেছে। সাংস্কৃতিক বিকাশ না হলে পুরোপুরি বিকশিত হওয়া যায় না।
জেলা প্রশাসক আরো বলেন, শিশু পরিবারের জন্যে সুন্দর মাঠ ও বাগান তৈরি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া অনেক কিছুর সংস্কার করা হবে এবং অগ্নিনির্বাপক যন্ত্রসহ যা’ দরকার তা’ অতি দ্রুত ব্যবস্থা করা হবে।
সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মো. মনিরুল ইসলাম ও শিশু পরিবারের নিবাসী ফারজানা আক্তারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল এবং সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক, আবিদা সিফাত, ইমরান মাহমুদ ডালিম ও উজ্জ্বল হোসাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হরেক রকমের পিঠা তৈরি করা হয়। যা আমন্ত্রিত অতিথিসহ জেলা প্রশাসকের পরিবারের সদস্যরা উপভোগ করেন।
০৩ ফেব্রুয়ারি, ২০২১।
