স্টাফ রিপোর্টার
চাঁদপুর-রায়পুর সড়কে চাঁদপুর সেতু থেকে মোটরসাইকেল থেকে টোল আদায় নিয়ে হট্টগোল হয়েছে। এতে টোল আদায় শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ইজারাদার মোটরসাইকেল থেকে টোল আদায় বন্ধ করে দেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার (১ জুলাই) চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলায় অবস্থিত চাঁদপুর সেতু দিয়ে পারাপারকৃত মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে ৫ টাকা হারে টোল আদায় শুরু। মোটরসাইকেল আরোহীরা টোল আদায়ের রশিদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। একপর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানাজানি হলে মোটরসাইকেল আরোহীরা প্রতিবাদ ও বিক্ষোভ করে। প্রতিবাদ ও বিক্ষোভের কারণে একপর্যায়ে বিকেলে মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে টোল আদায় বন্ধ করে দেয় ইজারাদার।
জানা যায়, চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলায় অবস্থিত চাঁদপুর সেতু টোল সওজ অধিদপ্তরের কাছ থেকে মেসার্স এমআই টেডিং ইজারা নেয়। সোমবার সকাল থেকে ইজারাদার সেতু পারাপারকৃত মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে রশিদের মাধ্যমে ৫ টাকা করে টোল আদায় চালু করে। আগের কোন ঘোষণা ছাড়াই হঠাৎ চাঁদপুর সেতু টোল আদায় করায় মোটর সাইকেল আরোহীদের সাথে শুরু হয় বাকবিতন্ডা। এ নিয়ে মোটরসাইকেল আরোহীদের মাঝে চরম ক্ষোভ আলোচনার ঝড় উঠে। দ্রুত এ সড়ক থেকে সব প্রকাল টোল আদায় বন্ধ করার দাবিতে মোটরসাইকেল আরোহীরা হট্টগোল, প্রতিবাদ ও বিক্ষোভ করে। মোটরসাইকেল আরোহীদের প্রতিবাদের কারণে বিকেল থেকে টোল আদায় বন্ধ করে দেয় ইজারাদার।
০২ জুলাই, ২০২৪।
