চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের তিন দশক পূর্তি ও অভিষেক

প্রধান অতিথি ক্রীড়া সচিব আখতার হোসেন

স্টাফ রিপোর্টার
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের তিন দশক পূর্তি ও ২০২০-২১ রোটারী বর্ষের অভিষেক অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা ৬টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে ঐ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং শরীয়তপুর জেলার কৃতী সন্তান মো. আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান তানভির আহমেদ মিয়া ও সেক্রেটারী রোটারিয়ান এমরান হোসেন আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
জানা যায়, অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আখতার হোসেন ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। এ পদে যোগদানের আগে তিনি ২০১৪ সালের অক্টোবর থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) পদে কর্মরত ছিলেন। তার আগে তিনি স্থানীয় সরকার বিভাগে উপ-সচিব ও যুগ্ম-সচিব পদে কর্মরত ছিলেন। তিনি এর আগে প্রায় ৫ বছর পানিসম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে কাজ করেছেন।
সচিব মো. আখতার হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে যোগদান করে প্রায় ৩৩ বছর সরকারি চাকরিতে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন। চাকরি জীবনের শুরুতে তিনি ১০ বছরের বেশি ফেনী, চাঁদপুর, কক্সবাজার ও ঝালকাঠী জেলায় সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে চাকরি করেন।
মো. আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে ১৯৮৩ সালে বিএসএস (অনার্স) এবং ১৯৮৪ সনে সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া চাকরিকালীন সময়ে সরকারের অনুমতি নিয়ে এলএলবি ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। মো. আখতার হোসেন দেশে-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি সরকারি দায়িত্বের অংশ হিসাবে নগর উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ও কোরিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি স্থানীয় সরকার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের জন্য চীন, তুরস্ক, ভিয়েতনাম, পেরু, সাউথ আফ্রিকা ও মালাউয়ি ভ্রমণ করেছেন। এছাড়া তিনি দক্ষতা উন্নয়নের জন্য ইউএসএ, কানাডা, নেদারল্যান্ড, জাপান ও সিংগাপুর হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি সরকারি দায়িত্বের অংশ হিসেবে ভারত, পাকিস্তান ও নেপাল ভ্রমণ করেছেন।
মো. আখতার হোসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসাবে পদাধিকার বলে জাতীয় ক্রীড়া পরিষদের সহ-সভাপতি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট এবং এলামনাই এসোসিয়েশনের সদস্য। এছাড়া তিনি ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য।
শরীয়তপুর জেলার কৃতী সন্তান মো. আখতার হোসেন বেগম মাহবুবা আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ছেলে নাফিজ ইমতিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ক্লাসের ছাত্র এবং মেয়ে জেরিন তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে অনার্সের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।
০৫ ফেব্রুয়ারি, ২০২১।