চাঁদপুর হাসপাতালে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা

করোনার যন্ত্রণা সইতে না পেরে

স্টাফ রিপোর্টার
করোনার যন্ত্রণা সইতে না পেরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিট চিকিৎসাধীন বিউটি বেগম (৩৫) নামে এক নারী হাসপাতালে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (৩১ জুলাই) বিকেল ৬টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আহত ওই নারী হাইমচর উপজেলার আলগী গ্রামের বাসিন্দা খোকন মিয়ার স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা পজিটিভ বিউটি বেগম গত ১১ দিন যাবত হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে দ্বিতীয় তলায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার ডান পায়ের গোড়ালী ভেঙে গেছে এবং মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন বলে জানা গেছে। পরে তাকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
আহতের শ্বশুর জানান, গত ১১ দিন যাবত তার ছেলের বউকে নিয়ে তিনি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে আছেন। পারিবারিকভাবে কোন সমস্যা তাদের নেই। ঘটনার সময় তার ছেলের বউকে বিছানায় রেখে বাথরুম থেকে ফিরে এসে এই ঘটনা শুনতে পান।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রায়হান মোহাম্মদ ওমর ফারুক রূপক জানান, আমি যতটুকু জানি সে করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা অনেকটা ভালো ছিলো। তবে করোনার তো বিভিন্ন ইফেক্ট থাকতে পারে। হয়তোবা সে থেকেও এমনটা করতে পারে। আমি তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে ভর্তি দিয়েছি।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, আহত নারী করোনা পজিটিভ অবস্থায় আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় তার পায়ের গোড়ালি পুরোপুরি ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেয়া হয়েছে।

৩১ জুলাই, ২০২১।