চাঁসকে ৩ দিনব্যাপী রিসার্চ মেথোডোলজির উপর অনলাইন ওয়ার্কশপের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
ইলিশের বাড়ি বলে খ্যাত চাঁদপুরের সর্ববৃহৎ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজ। পদ্মা-মেঘনা-ডাকাতিয়া বিধৌত এই উর্বর জনপদের মানুষকে মানবসম্পদে পরিণত করার ব্রত নিয়ে চাঁদপুর সরকারি কলেজ তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। চাঁদপুর সরকারি কলেজের উদ্যোগে রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় জুম অ্যাপস্রে মাধ্যমে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে তিন দিনব্যাপী অনলাইন ওয়ার্কশপের উদ্বোধন ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
প্রধান অতিথি প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, চাঁদপুর সরকারি কলেজের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এর সুফল ভোগ করবে চাঁদপুরের জনগণ ও শিক্ষার্থীরা। বাংলাদেশের সকল কলেজে এই ধরণের ওয়ার্কশপ আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য বলব। শিক্ষামন্ত্রীর গতিশীল নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে যে যুগোপযোগী পরিবর্তন আনতে চাচ্ছি, সেক্ষেত্রে এই ধরণের ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি ওয়ার্কশপের উদ্বোধন ঘোষণা করেন। এরপর রিসোর্চ পারসন ড. মোহাম্মদ নাজমুল ইসলাম তাঁর নির্ধারিত সেশনটি পরিচালনা করেন। অনলাইন ওয়ার্কশপে চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ, পুরাণবাজার ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন। আগামি ১৯ ও ২০ জুলাই একই সময়ে বাকি সেশন দু’টি অনুষ্ঠিত হবে।
ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুলতানা তৌফিকা আক্তারের পরিচালনায় উক্ত ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
রিসোর্সপার্সন ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সাইন্স ফ্যাকাল্টির ডীন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, একই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাশ। স্বাগত বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ এই আয়োজনের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ওয়ার্কশপের সার্বিক সাফল্য কামনা করেন।
তিনি বলেন, শিক্ষামন্ত্রীর গতিশীল নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির সকল নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুর সরকারি কলেজ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। চাঁদপুর সরকারি কলেজ একটি আন্তর্জাতিক মানের জার্নাল (আইএসএসএন নম্বর পাওয়া গেছে) প্রকাশের উদ্যোগ নিয়েছে। এই ওয়ার্কশপ সেই জার্নাল প্রকাশের কাজকে ত্বরান্বিত করবে।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা দূরীকরণে এবং কোভিড-১৯ অতিমারীর সমস্যাসমূহ দূরকরণে এই ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণার মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যা দূরীকরণে কী কী প্রদক্ষেপ নেয়া যায় এই ওয়ার্কশপ থেকে জানা যাবে। চাঁদপুর সরকারি মহিলা কলেজকে এই ওয়ার্কশপে সংযুক্ত করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পড়াবেন তা নয়, প্রত্যেক শিক্ষকের নিজের পড়াশুনা এবং গবেষণা করা প্রয়োজন। মাউশির নির্দেশনাগুলো চাঁদপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান অক্ষরে অক্ষরে পালন করার চেষ্ঠা করে। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন প্রতিপালনে এই ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিসোর্চ পারসন ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, গবেষণা এখন শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রধানমন্ত্রী গবেষণাকে উৎসাহ দিচ্ছেন। এই ওয়ার্কশপ থেকে শিক্ষকবৃন্দ উপকৃত হবেন বলে বিশ্বাস।
রিসোর্সপার্সন ড. প্রীতম কুমার দাশ বলেন, একজনের পক্ষে কোন গবেষণা চালিয়ে নেয়া সম্ভব নয়। কলেজ পর্যায়ের শিক্ষকদের গবেষণার সাথে যুক্ত করতে পারলে ২০৪১ সালের আগেই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
১৯ জুলাই, ২০২১।