চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার
চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্যবিধি মেনে চান্দ্রা বাজারস্থ সমিতির নিজস্ব কার্যালয়ের ৪র্থ তলায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আগত সমিতির সব সদস্যদের প্রথমে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেওয়া হয়।
এরপর বার্ষিক সাধারণ সভার নিয়মানুযায়ি সর্বসম্মতিক্রমে সমিতির সভাপতি জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত সমবায়ি মো. জসিম উদ্দিন শেখকে সভার সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসবিসিএল কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের চৌধুরী। তিনি বলেন, সমাজের সকলের উচিত স্বপ্ন দেখা, যে স্বপ্নের মাধ্যমে সে নিজের ও সমাজের জন্য কিছু করতে পারবে। চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতির কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যেতে সকলকে যার যার অবস্থানে থেকে আরো অনেক কাজ করতে হবে। তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে আরো বলেন, সততা ও পরিচ্ছন্নতার সাথে কাজ করতে হবে। মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে।
২২তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. জসিম উদ্দিন শেখ বলেন, বার্ষিক সাধারণ সভায় আলোচনাসভার মাধ্যমে ও সর্বসম্মতিক্রমে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের যে বাজেট করা হয়েছে তা বাস্তবায়নে সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। আগামী বাজেট বাস্তবায়ন নির্ভর করে বিগত বাজেটের সার্বিক দিক ও সফলতার উপর। প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার মতো নের্তৃত্ব তৈরি করতে হবে। আমদের সমিতিকে শতভাগ পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। এই সমিতিতে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়, যা শতভাগ পরিচ্ছন্ন। ২০০১ সাল থেকে আমাদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। ১৯৯৮ সালের বন্যার সময় আমরা সমিতির কার্যক্রম এই স্থানে শুরু করি। আজ ২২তম বার্ষিক সাধারণ সভায় একই স্থানে ৪ তলা ভবনের উপর বসে সভা করছি। এসবই সমিতির সকলের আন্তরিকতায় সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, সমিতির উন্নয়নের জন্য অর্থ যোগান ও নতুন নতুন সদস্য বৃদ্ধি করতে হবে। সর্বোপরি সকলের আন্তরিকতায় চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লিঃ এর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে।
ধারাবাহিক কার্যক্রমের মধ্যে ২১তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ, ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের উপর বাৎসরিক প্রতিবেদন পর্যালোচনা, ২০২০-২০২১ অর্থ বছরে নিরীক্ষা প্রতিবেদনে নিরীক্ষকের মন্তব্যর উপর নিবন্ধকের বরাবরে প্রেরিতব্য অডিট সংশোধনী উপস্থাপন, ২০২০-২০২১ অর্থ বছরে নিরীক্ষিত হিসাব বিবরণী উপস্থাপন, ২০২০-২০২১ অর্থ বছরের শেয়ারের উপর লভ্যাংশ প্রদানের বিষয়ে ব্যবস্থাপনা কমিটির প্রস্তাব উপস্থাপন, ২০২২-২০২৩ অর্থ বছরের প্রাক্কলিত বাজেট এবং ২০২০-২০২১ অর্থ বছরের সম্পূরক বাজেট উপস্থাপন, ২০২২-২০২৩ অর্থ বছরের ঋণ গ্রহনের সর্বোচ্চ সীমা নির্ধারন, স্বনির্ভর দারিদ্র্য বিমোচন প্রকল্পের কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন ও করণীয় বিষয়ক সর্বসম্মতিক্রমে নির্ধারন, সমিতি ও প্রকল্পের চাকুরীর বিধানবলী সংশোধন উপস্থাপন, সমিতির উপ আইন সংশোধন উপস্থাপন, সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধি ও শেয়ার বাজার ধারনের সীমা নির্দারন, ব্যাবস্থাপনা কমিটি কর্তৃক বিতাড়িত সদস্য সদস্যদের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন, সমিতির উন্নয়ন পরিকল্পনা গ্রহন, সমিতির স্থায়ী অস্থায়ী আমানত এবং সঞ্চয় আমানতের উপর হার নির্ধারন, মেয়াদ উর্ত্তীর্ন বকেয়া বিনিয়োগ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন ও উল্লেখিত সকল সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় বক্তব্য রাখেন পরিচালক ও কেন্দ্রীয় সমিতির প্রতিনিধি ইব্রাহীম খলিল, সম্পাদক দেবব্রত সরকার, সহ-সভাপতি সেলিম আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, স্বপন চন্দ্র শীল, আক্তার হোসেন, সাবেক সম্পাদক নূরু মিয়া শেখ, সাবেক সহ-সভাপতি প্রিয়তোষ চন্দ্রশীল।
এরপর উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত সকল সদস্য সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখের বিচক্ষনতা, সততা ও দক্ষতার প্রশংসা করেন। সদস্যরা বলেন, সভাপতির একাগ্রচিত্ত ও সততায় আজকে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লিঃ অনেকদূর এগিয়েছে। নতুন নতুন লাভজনক প্রকল্পে হাত দিতে সাহস অর্জন করেছে। সদস্যরা সমিতির উন্নয়ন এবং সকলের আন্তরিকতায় আগামিতে সমিতির কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে বক্তব্য প্রদান করেন।

০৬ ফেব্রুয়ারি, ২০২২।