জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উবিতে অভিভাবক সমাবেশ


পুলিশকে তথ্য দিন, তথ্য দাতার নাম নিশ্চিত গোপন থাকবে
…….ওসি মো. আলমগীর হোসেন রনি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি। ডেঙ্গু জ্বর, গুজব, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ সামাজিক বিভিন্ন অসংগতি প্রতিরোধে সচেতনতামূলক এ অভিভাবক সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন রনি বলেন, গুজব, সামাজিক অপরাধ ও রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। গুজবে কান না দিয়ে, তা যাচাই-বাছাই করতে হবে। ইতোমধ্যে এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ার কারনে আশংকাজনক হারে ডেঙ্গু রোগ দেখা দিয়েছে। তাই বাড়ি, ঘর, প্রতিষ্ঠানসহ আমাদের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো।
পুলিশকে তথ্য দিন, তথ্য দাতার নাম গোপন থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ কোন ধরনের সামাজিক অপরাধ হলে বা অপরাধের সম্ভাবনা দেখা দিলে থানা ডিউটি অফিসার ও আমার (ওসি) মোবাইল নম্বরে ফোন দিন। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিন। আমরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মর্তেজা কামালের সভাপতিত্বে এবং অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীমের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ফিরোজ আহম্মেদ হিরা, মোজাম্মেল হক কাজল, আলী আহাম্মদ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন গাজী অলি উল্যাহ ও সোহেল আহম্মেদ, শিক্ষকদের পক্ষে সহকারী প্রধান শিক্ষক লিটন চক্রবর্তী, শিক্ষক এটি হোসাইন আহমেদ তালুকদার, গোলাম সরোয়ার, হাবিব উল্যাহ মজুমদার প্রমুখ।
বক্তব্য শেষে উপস্থিতি সবাইকে মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে এবং পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শপথ বাক্য পাঠ ওয়াদাবদ্ধ করান ওসি মো. আলমগীর হোসেন রনি। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

০৭ আগস্ট, ২০১৯।