জাতীয় শোক দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি গ্রহণ

স্টাফ রিপোর্টার

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে গত ৫ আগস্ট ‘জুম অ্যাপস’ এর মাধ্যমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে জাতীয় শোক দিবস উপলক্ষে নিম্নবর্ণিত কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কর্মসূচিগুলো হচ্ছে: ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি, আধাসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। প্রথমে জেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে সকলে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সকাল সাড়ে ১০টায় জেলা ও উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা। সকাল ১১টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দুপুর ১২টায় হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু পরিবার, মূক ও বধির স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন। বাদ আছর ও সুবিধাজনক সময়ে সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং সকল মন্দির ও অন্যান্য ধর্মী উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

সুবিধাজনক সময়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনাদর্শভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন। সুবিধাজনক সময়ে দিবসের বিভিন্ন অনুষ্ঠান ইলেক্ট্রনিক মিডিয়ায় ধারণ ও প্রচার। বিকাল ৬টায় জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

১৩ আগস্ট, ২০২০।