ফিটনেসবিহীন কোনো যানবাহন চলতে দেয়া হবে না
……জেলা প্রশাসক কামরুল হাসান
সজীব খান
চাঁদপুর জেলা মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ রাখতে সব বিভাগকে যৌথভাবে কাজ করতে হবে। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন কোনো গাড়ি বা জলযান চলতে দেয়া হবে না। এগুলো আমরা কঠোরভাবে মনিটরিং করবো। চাঁদপুর শহর যানজটে নাকাল। আগামি ১ সপ্তাহ চাঁদপুরে যানজট আরো বৃদ্ধি পাবে। যানজট নিরসনে পুলিশ বিভাগ কাজ করছে। আসন্ন রমজান ঈদ উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন স্থান থেকে লোক আসবে। নৌপথ, সড়ক পথে চাঁদপুরে যাত্রীদের বাড়তি চাপ থাকবে। ঘরমুখো মানুষের চাপ থাকার কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে। লঞ্চ, ট্রেন ও বাসে যাতে অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ঈদকে কেন্দ্র মানুষ যাতে নির্বিঘেœ বাজার করে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে। সেজন্য পুলিশ প্রশাসনের কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে দেশে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ সময়টাতে সবাই সচেতন থাকতে হবে। কারণ তীব্র দাবদাহের কারণে অগ্নি দুর্ঘটনার পরিমাণ বাড়ছে। তাই সব বাজার ও মার্কেট কর্তৃপক্ষকে সচেতন থাকার আহ্বান করছি।
তিনি আরো বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কাজ করছে স্থানীয় প্রশাসনের সব বিভাগ। মাদক ও চোরাচালান রোধে আমাদের আরো বেশি করে কাজ করতে হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যাতে কেউ মানুষকে জিম্মি করে অতি মুনাফা অর্জন করতে না পারে।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মুসা, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান প্রমুখ।
১৪ এপ্রিল, ২০২৩।
