জেলা পরিষদ কর্মকতা-কর্মচারীদের বিদায়ী প্রশাসককে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
সদ্যবিদায়ী চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ ওচমান গনি পাটওয়ারীকে জেলা পরিষদ কর্মকতা ও কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও আলোচনার আয়োজন করা হয়েছে।
সদ্যবিদায়ী জেলা পরিষদ চাঁদপুরের প্রশাসক আলহাজ ওচমান গণি পাটওয়ারী জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সরকারি দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। এভাবে আপনাদের দায়িত্ব পালন অব্যাহত থাকলে সরকার আপনাদের সত্যিকার অর্থে মূল্যায়িত করবে। তিনি বলেন, শুধুমাত্র সেবার উদেশ্যেই জেলা পরিষদে এসেছিলাম। আপনাদের সবার সহযোগিতা পেয়ে সেবা করে গেলাম ৫ বছরেরও বেশি সময়কাল। আগামিতেও এ জেলাবাসীর সেবা করতে চাই। তাই আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আবারও প্রার্থী হয়ে সবার দোয়া কামনা করছি।
তিনি বলেন, আমি দায়িত্ব পালনকালীন এ জেলা পরিষদের সম্মানিত সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা পেয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, জেলা পরিষদে আমি ৫ বছর ৭ মাস দায়িত্ব পালন করেছি। আপনারা আমার প্রতিটি কাজে আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন বলে আমি সফলভাবে কাজ করতে পেরেছি। যা চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ চাঁদপুরের অফিস কক্ষে জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে দেয়া বিদায় সংবর্ধনা ও আলোচনার অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন।
জেলা পরিষদ চাঁদপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জেলা পরিষদ প্রশাসক মহোদয় অত্যন্ত ভালমানের এবং একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। তিনি আমাদের সবসময় ছায়া দিয়ে রেখেছেন। তিনি সব কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাঁর সহযোগিতার কারণে পরিষদটি সুষ্ঠু ও সফলভাবে সব কাজ সম্পন্ন করতে পেরেছে। তিনি বিদায়ী প্রশাসক আলহাজ ওচমান গনি পাটওয়ারীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিদায়ী সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চাঁদপুরের সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক মো. ইকবাল হোসেন, প্রধান সহকারী মো. মজিবুর রহমান, উচ্চমান সহকারী কুদ্দুছ ভাট, উচ্চমান সহকারী মোক্তার হোসেন, সার্ভেয়ার নাসির উদ্দিন, অফিস সহকারী সায়েম পাটওয়ারী প্রমুখ। এসময় জেলা পরিষদ চাঁদপুরের সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীরা ছাড়াও বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পরিষদ চাঁদপুরের প্রশাসক আসন্ন জেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে গত ১১ সেপ্টেম্বর তারিখে তাঁর জেলা পরিষদ চাঁদপুরের প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন। তিনি সবার কাছে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আগামি ১৭ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে জয়লাভ করার জন্য দোয়া ও সর্বাত্মকভাবে সহযোগিতা কামনা করেছেন।

১৪ সেপ্টেম্বর, ২০২২।