জেলা প্রশাসক দায়িত্ব নিলেন ভ্যান চালানো শিশু কুলসুমা ও তার পরিবারের

ফেসবুকে ভাইরাল হওয়ার পর

শাহ্ আলম খান
চাঁদপুরের জেলা প্রশাসক শহরের ভ্যানগাড়ি চালানো সেই শিশু কুলসুমা ও তার পরিবারের দায়িত্ব নিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। চাঁদপুর শহরের ছায়াবাণী মোড়ে ময়লা-আবর্জনা কুড়িয়ে বিক্রি করে সংসার চালানো কুলসুমের একটি ভিডিও গত ১৪ জানুয়ারি এক ব্যক্তির ফেসবুক পেজে ভাইরাল হয়। অবশেষে সেই শিশুর পরিবারের দায়িত্ব নিলেন চাঁদপুরের জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই শিশু পরিবারকে ডেকে আনা হয়। সেখানে জেলা প্রশাসক নিজে শিশুর অসুস্থ বাবা-মায়ের চিকিৎসার দায়িত্ব দিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহকে। তিনি তাদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত রোগ নির্ণয় করে চিকিৎসা সেবা দিবেন।
জেলা প্রশাসক এসময় কুলসুমের পরিবারের উদ্দেশে বলেন, কুলসুমের শিক্ষার দায়িত্ব দেয়া হয়েছে চাঁদপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২ বান ঢেউ টিন ও ঘর তৈরী করার জন্য নগদ ৬ হাজার টাকা দেয়া হয়েছে। আমি চাই কুলসুম আর এ ধরনের কাজ করবে না। এছাড়া বর্তমানে আপনাদের সংসার খরচের জন্য নগদ ১০ হাজার টাকা দেয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, আমি চাই আপনাদের সন্তানরা এ ধরনের কাজ না করুক। পড়ালেখা করে কাজ করবে। কারণ ১০ বছরের মেয়েটি এ ধরনের কাজ করলে স্বাভাবিকভাবে বুকের মধ্যে লাগে।
এসময় কুলসুমের বাবা শহীদ ঢালী জেলা প্রশাসকের কাছে বলেন, আমরা সুস্থ হওয়ার পরে যেন ছোট-খাটো ব্যবসা করতে পারি সেই ব্যবস্থা করবেন। এ সময় জেলা প্রশাসক তাদেরকে ব্যবসা করার স্থান নির্ধারণ করে দেয়ার আশ^াস দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসিম চন্দ্র বণিক, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ‘মোশন ফ্রি’ নামে একটি ফেসবুক পেজে এক ব্যক্তি কুলসুমের জীবন-জীবিকা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিও পোস্টটি ভাইরাল হলে জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়। কুলসুমার বাবার নাম শহীদ ঢালী, মায়ের নাম কমলা বেগম। শহরের লঞ্চঘাট নিশি বিল্ডিং এলাকায় তারা বসবাস করেন। তারা ৩ বোন ও ৩ ভাই। কুলসুম সবার ছোট।
২১ জানুয়ারি, ২০২১।